দেশের বিভিন্ন ব্যবসায়ী সমিতি ও চেম্বারসহ ব্যবসায়ী খাতগুলোর সঙ্গে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট প্রস্তাব নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আগামী ১ এপ্রিল থেকে আলোচনা শুরু করতে যাচ্ছে। প্রাথমিক পর্যায়ে শুরু হওয়া এ আলোচনা শেষ হবে ২৯ এপ্রিল। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।
এ পর্বে ১৮টি ব্যবসায়ী খাতের প্রায় ৪ শতাধিক ব্যবসা ও বাণিজ্য সংগঠনের সঙ্গে আলোচনা সম্পন্ন করবে এনবিআর। এর পর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সঙ্গে বৃহৎ আকারে পরামর্শ সভা হবে।
প্রাথমিক পর্বে ১ এপ্রিল কৃষি ও পোল্ট্রি শিল্পের প্রস্তাবের মাধ্যমে আলোচনা শুরু হবে। ২ এপ্রিল তেল, গ্যাস, খাদ্য, পানীয়, সিগারেট ও কাগজ, মুদ্রণ, প্রকাশনা, চলচ্চিত্র ও বিজ্ঞাপন খাত;
৩ এপ্রিল প্রথম পর্বে ওষুধ, ক্লিনিক ও ডায়াগনস্টিক ও টয়লেট্রিজ, কেমিক্যালস, পেইন্ট, ভার্নিস, চামড়া, কসমেটিক্স আর দ্বিতীয় পর্বে ইলেক্ট্রনিক্স ও ইলেক্ট্রিক্যাল, কম্পিউটার, আইসিটি ও টেলিযোগাযোগ খাত; ১৫ এপ্রিল হোটেল-রেস্টুরেন্ট, গেস্ট হাউজ ও বিবিধ সেবা;
১৬ এপ্রিল প্রথম পর্বে বন্ড সুবিধাবিহীন রপ্তানি খাত, দ্বিতীয় পর্বে অটোমোবাইল ও ট্রান্সপোর্ট ; ১৭ এপ্রিল পাট, বস্ত্র ও সুতা, বন্ড সংক্রান্ত রপ্তানি খাত (গার্মেন্টস); ২০ এপ্রিল দুই ধাপে আর্থিক প্রতিষ্ঠান, ক্ষুদ্র, মাঝারি ও বিবিধ সেবা, মেট্রোপলিট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি; ২১ এপ্রিল ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্প;
২২ এপ্রিল সিএন্ডএফ, কর আইনজীবী, ইন্ডেন্টরস, নির্মান শিল্প; ২৩ এপ্রিল চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি;
২৪ এপ্রিল ফরেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি; ২৭ এপ্রিল বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এবং সর্বশেষ ২৯ এপ্রিল প্রধান চেম্বারগুলোর সঙ্গে প্রাক বাজেট আলোচনা হওয়ার কথা।
এর পরও বিভিন্ন খাতের সঙ্গে দফায় দফায় আলোচনা করা হবে বলে এনবিআর সূত্র জানিয়েছে।
বিগত কয়েক বছরের প্রাক বাজেট আলোচনায় দেখা গেছে, প্রাক বাজেটের এই পর্বের আলোচনা কেবল নিয়ম রক্ষায় পরিণত হয়। অনেক ব্যবসায়ী খাত এই আলোচনায় উৎসাহ দেখান না। অবশ্য এনবিআরের দাবি, ওই সব খাতের প্রদত্ত লিখিত প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।
[b]ঢাকা, ২৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]