যমুনা ব্যাংকের উদ্যোক্তা আরিফুর রহমান তার নিজের কাছে থাকা ব্যাংকটির ১৯ লাখ শেয়ার বিক্রি করবেন। সম্প্রতি তিনি ব্যাংকটির ৩০ লাখ শেয়ার বিক্রি করেছেন।
আজ মঙ্গলবার (২৯ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে তিনি এই শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই উদ্যোক্তা ঘোষণা দেয়া শেয়ার বিক্রি করবেন।
আরিফুর রহমানের কাছে এখনও যমুনা ব্যাংকের ২৩ লাখ ৪৩ হাজার ৩৮২টি শেয়ার আছে। এর মধ্য থেকে তিনি ১৯ লাখ শেয়ার বিক্রি করে দেবেন।
তার কাছে যমুনা ব্যাংকের ৫৩ লাখ ৪৩ হাজার ৩৮২টি শেয়ার ছিল। এর আগে যমুনা ব্যাংকের এই উদ্যোক্তা চলতি মাসের ৩ তারিখে ব্যাংকটির ৩০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দেন। এ হিসাবে দু’দফায় যমুনা ব্যাংকের এই উদ্যোক্তা ৪৯ লাখ শেয়ার বিক্রি করে দিচ্ছেন। এই উদ্যোক্তা এমন সময় শেয়ার বিক্রি করছেন যখন ব্যাংকটির শেয়ার দাম বড় অঙ্কে বেড়েছে।
যমুনা ব্যাংকের মোট শেয়ারের ৪৮ দশমিক ৪৮ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ৪৩ দশমিক ৬৮ শতাংশ। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৭ দশমিক ৫৭ শতাংশ এবং বিদেশিদের কাছে দশমিক ২৭ শতাংশ শেয়ার আছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, গত ৪ মে কোম্পানিটির শেয়ার দাম ছিল ১৭ টাকা। সেখান থেকে টানা বেড়ে ৩০ মে ২৩ টাকায় ওঠে। তবে সম্প্রতি দাম কিছুটা কমে ২০ টাকা ৯০ পয়সায় নেমে এসেছে।
এইচএন





