গত অর্থবছরের লভ্যাংশ হিসাবে সরকারের কাছে মোট ৬৯ কোটি ৫৬ লাখ ২৫ হাজার টাকার চেক হস্তান্তর করেছে রাষ্ট্রায়াত্ত তিন প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠান তিনটি হলো-ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল), ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল)।

বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে পৃথক পৃথকভাবে লভ্যাংশের চেকগুলো হস্তান্তর করেন ওই তিন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। অর্থসচিব মাহবুব আহমেদ এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. আসলাম আলম এ সময় উপস্থিত ছিলেন।

ইডকলের চেয়ারম্যান ও ইআরডি সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন ২০১২-১৩ অর্থ বছরে প্রতিষ্ঠানটির ১০৩ কোটি ৫৩ লাখ টাকার মুনাফা থেকে ১৪ কোটি টাকার চেক অর্থমন্ত্রীকে দেন। আইসিবি পরিচালনা পর্ষদের সদস্য কাজী শফিকুল আজম ও ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান ৪৫ কোটি ৫৬ লাখ ২৫ হাজার টাকার চেক অর্থমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। আর বিডিবিএলের ১০ কোটি টাকার লভ্যাংশ চেক হস্তান্তর করে প্রতিষ্ঠানটির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শান্তি নারায়ণ ঘোষ ও ব্যবস্থাপনা পরিচালক মো. জিল্লুর রহমান।

এ সময় প্রতিষ্ঠান তিনটির কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে মুহিত বলেন, ‘সরকারি তিনটি প্রতিষ্ঠান থেকে চেক পেলাম, এটা খুশির বিষয়। আমরা শুধু লস করি না। মাঝেমধ্যে লাভও করি।’

মুহিত বলেন, ‘লোকে বলে সরকার ব্যবসা করতে জানে না। বেশি ব্যবসা করাও ভালো নয়।’

বৈদেশিক বিনিয়োগের বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করে অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের এখানে মূলত জ্বালানি ও টেলিযোগাযোগ খাতেই বৈদেশিক বিনিয়োগ এসে থাকে। এর বহুমুখীকরণ হওয়া জরুরি।’

বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারের যে অবস্থা তাতে আরও বেশি বিদেশি বিনিয়োগ প্রয়োজন বলেও মন্তব্য করেন মন্ত্রী।

ঢাকা, ১৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এমআর