পুঁজিবাজার সংক্রান্ত যে কোন মামলা নিষ্পত্তিতে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি) ভবনে বিশেষ ট্রাইব্যুনালের কার্যালয় স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

শেয়ারবাজার সংশ্লিষ্ট মামলা নিষ্পত্তিতে শিগগিরই চালু হতে যাচ্ছে বিশেষ এ ট্রাব্যুনাল। ইতোমধ্যে ট্রাইব্যুনাল স্থাপনের জন্য ভবন ভাড়ার বিষয়টি চূড়ান্ত করেছে বিএসইসি।
অর্থ মন্ত্রণালয়ের নির্দেশের পরিপ্রেক্ষিতে গত ১ জুলাই অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত সপ্তাহে বিষয়টি বিএসইসির পক্ষ থেকে অর্থমন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে বলে সংশিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে গত ১০ জুন অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব নাসিরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি বিএসইসির চেয়ারম্যানের কাছে পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, শেয়ারবাজার সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনালের কার্যালয় বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশেন ভবনে বসাতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ওই চিঠির অলোকে গত ১ জুলাই কমিশন সভায় বিশেষ ট্রাইব্যুনাল স্থাপন ও ভবনের স্পেস ভাড়ার বিষয়ে আলোচনা হয়।

জানা গেছে, ওই ফ্লোরে বিচার কার্যক্রম পরিচালনার জন্য একটি বিচারিক কক্ষ, বিচারক ও অফিসের অন্যান্য কর্মচারীদের জন্য আরও তিনটি কক্ষ তৈরি করা হবে বলে পরিকল্পনা করা হচ্ছে। ভবন কর্তৃপক্ষের সঙ্গে ভাড়ার বিষয়টি চূড়ান্ত হলেই দ্রুত ট্রাইব্যুনালের কার্যালয় স্থাপনের কাজ শুরু হবে। আর বিশেষ ট্রাইব্যুনালের ভবন ভাড়া ব্যয় নিজস্ব খাত থেকে বরাদ্দ দেবে বিএসইসি।

বিএসইসির ২০১৩ সালের ত্রৈমাসিক প্রতিবেদন থেকে জানা গেছে, কমিশনের পক্ষে ও বিপক্ষে সর্বমোট ৪৫১টি মামলা বিভিন্ন কোর্টে বিচারাধীন রয়েছে। ট্রাইব্যুনাল চালু হলেই সার্টিফিকেট বাদে অন্যান্য মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা হবে।

ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এমআর