বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, আমাদের প্রবৃদ্ধি এখন ৬ শতাংশ রয়েছে। সকলের সম্মিলিত চেষ্টায় এটাকে ৭ থেকে ৮ শতাংশে নিয়ে যেতে হবে। আর এর জন্য তরুণদের এগিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ইয়ুথ লিডারশিপ সামিট-২০১৪’ অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।

আতিউর রহমান বলেন, আমরা যখনই ঐক্যবদ্ধ হয়েছি তখনই ভাল কিছু করতে পেরেছি। এর উদাহরণ ৫২-এর ভাষা আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ। সুতরাং আমাদেরি ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ব্যাংকগুলোকে উদ্দেশে তিনি বলেন, ব্যাংকগুলো যেহেতু সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়ে লাভবান হয় সেহেতু তাদের সাধারণ মানুষের দিকেই বেশি মনোযোগ দিতে হবে। তাদের লাভের একটা অংশ এসব মানুষের কল্যাণে ব্যয় করতে হবে।

ব্যাংকগুলো এখন তাদের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সমাজের বিভিন্ন কাজে ব্যয় করছে। কিন্তু এটা পর্যাপ্ত নয়। সুতরাং তাদের আরও বেশি এগিয়ে আসতে হবে।

তিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে তুলনা করে বলেন, আমরা যে দেশটি থেকে বের হয়ে এসেছি সে দেশের তুলনায় আমরা সামাজিক এ অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে আছি। আর এটা সম্ভব হয়েছে আমাদের মনের জোরে। সুতরাং আমাদের মনের পরিবর্তন ঘটাতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

ঢাকা, ১২ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই