লভ্যাংশ ঘোষণা করেছে বঙ্গজ। গত বৃহস্পতিবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য ৫০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে।

শেয়ারহোল্ডার নির্ধারণের জন্য ৩০ সেপ্টেম্বর রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে। এছাড়া ঘোষিত লভ্যাংশে বিনিয়োগকারীদের সম্মতি নিতে আগামী ২১ অক্টোবর ফ্যাক্টরি প্রাঙ্গণ, কলতাপাড়া, ময়মনসিংহে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে।

শেষ হওয়া অর্থবছরে বঙ্গজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৫ টাকা ৩ পয়সা ও শেয়ারপ্রতি সম্পদমূল্য ৩৪ টাকা ৬০ পয়সা।

এদিকে ডিএসইতে বৃহস্পতিবার এ শেয়ারের দর বাড়ে ৩ দশমিক ৪৪ শতাংশ বা ১৭ টাকা ২০ পয়সা। দিনভর দর ৪৮২ টাকা ২০ পয়সা থেকে ৫০২ টাকায় ওঠানামা করে। সর্বশেষ লেনদেন হয় ৪৮৩ টাকায়। লেনদেন শেষে এর সর্বশেষ দর ছিল ৪৮৯ টাকা, যা এর আগের কার্যদিবসে ছিল ৫০০ টাকা ২০ পয়সা। এদিন ৫২৪ বারে কোম্পানিটির মোট ৪৭ হাজার ৩০০ শেয়ারের লেনদেন হয়।

এদিকে বিস্কুট উত্পাদনে নতুন প্লান্ট স্থাপনের জন্য গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ সড়কের মুলাইদে ১ দশমিক ১০৯৭ একর (১১০ দশমিক ৯৭ ডেসিমল) জমি ইজারা নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের এ কোম্পানি। ২৫ বছরের জন্য এ জমি গ্রহণ করছে কোম্পানিটি। তবে পরবর্তীতে মেয়াদ আরো ২৫ বছর বাড়ানো হতে পারে।

এদিকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি থেকে মার্চ) কোম্পানিটির কর-পরবর্তী মুনাফা হয়েছে ৫৬ লাখ ৭০ হাজার টাকা ও ইপিএস ১ টাকা ৫৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে এর মুনাফা ছিল ৪৩ লাখ ৬০ হাজার টাকা ও ইপিএস ১ টাকা ১৯ পয়সা। অন্যদিকে ২০১৩ সালের জুলাই থেকে মার্চ পর্যন্ত এর মুনাফা হয়েছে ১ কোটি ৬১ লাখ টাকা ও ইপিএস ৪ টাকা ৪০ পয়সা। এর আগের বছর একই সময়ে মুনাফা ছিল ১ কোটি ১৯ লাখ ১০ হাজার টাকা ও ইপিএস ৩ টাকা ২৫ পয়সা।

২০১৩ সালের সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৭০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দিয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে ওই সময়ে এর করপরবর্তী নেট মুনাফা হয়েছে ১ কোটি ৫৫ লাখ ১০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৭ টাকা ২০ পয়সা ও শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) ৫০ টাকা ২৭ পয়সা।

২০১২ সালের জন্য ৪৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেয় কোম্পানটি। ওই সময়ে এর ইপিএস হয় ৪ টাকা ৪৪ পয়সা, এনএভি ১৬ টাকা ৫৮ পয়সা ও নেট মুনাফা ৬৬ লাখ টাকা। ২০১১ সালের জন্য কোম্পানিটি ৩২ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়। ওই সময় তাদের ইপিএস হয় ২ টাকা ৫৮ পয়সা ও এনএভি ১৬ টাকা ২ পয়সা। ১৯৮৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির অনুমোদিত মূলধন ৫০ কোটি ও পরিশোধিত মূলধনের পরিমাণ ৩ কোটি ৭০ লাখ টাকা। এর রিজার্ভে রয়েছে ৭ কোটি ১৬ লাখ টাকা। বাজারে এর মোট শেয়ার ৩৬ লাখ ৬০ হাজার ৫২৫টি; যার মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৫০ শতাংশ, প্রাতিষ্ঠানিক ৭ দশমিক ২২ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৪২ দশমিক ৭৮ শতাংশ।

ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর