বাংলাদেশের অর্থনীতি বড় ধরনের ধান্ধাবাজদের ক্ষেত্র উল্লেখ করে বিশিষ্ট অর্থনীতিবিদ ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র চেয়ারম্যান ড. খলীকুজ্জামান বলেছেন, দেশে এখন বাংলাদেশে বড় ধরনের ধান্ধাবাজদের অর্থনীতি বিরাজমান। এই চক্রটি বেশ শক্তিশালী। যারা বাজেটের বড় অংশ নিয়ন্ত্রণ করেন। তাদের কাছ থেকে অর্থনীতিকে বের করে আনতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার দ্য ডেইলি স্টার ভবনে ‘বাজেট বিকেন্দ্রীকরণ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য যুক্তিসঙ্গত বরাদ্দ’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ।
এসময় খলিকুজ্জামান বলেন, বাজেট প্রণয়নে একটি স্বার্থান্বেষী মহল সব সবময় প্রভাব বিস্তার করে থাকে। ধান্দাবাজের অর্থনীতি থেকে বেরিয়ে আসতে এবং এতে আঘাত করতে হলে পরিকল্পনা অনুযায়ী এগোতে হবে। পাশাপাশি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে বলে মনে করেন তিনি।
স্থানীয় পর্যায়ের অর্থনীতি পিছিয়ে পড়ার অন্যতম কারণ হলো প্রশাসন ও রাজনৈতিক দ্বন্দ্ব বলেও উল্লেখ করেন খলীকুজ্জামান।
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, বিগত ২ নির্বাচনের ইশতেহার ও ভিশন ২০২১’র আলোকে জনগণের কাছে যে অঙ্গীকার করছেন তা পূরণ করলেই আমরা খুশি।
এসময় মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করে অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, স্থানীয় পর্যায়ে আর্থিক ক্ষমতা বিকেন্দ্রীভবনের পাশাপাশি জনগণের কাছে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
তিনি আরো বলেন, স্থানীয় পর্যায়ে নিরাপত্তা জালের কর্মসূচিগুলিতে কেন্দ্র থেকে প্রেরিত যে অর্থ ও দ্রব্যাদি বণ্টিত হয়, সাধারণত তার প্রায় এক তৃতীয়াংশ ছিদ্র পথে অপসৃত হয়ে যায়। সঠিক ব্যক্তির কাছে তা পৌঁছে না। এ ক্ষেত্রে স্থানীয় সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এজন্য সরকারের রাজনৈতিক সদিচ্ছা গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
দেশের স্থানীয় সরকারের জন্য বরাদ্দ অপ্রতুল উল্লেখ করে অধ্যাপক ড. তোফায়েল আহমেদ বলেন, দেশে স্থানীয় সরকারের জন্য যে বরাদ্দ করা হয় তা কতটুকু যুক্তিসঙ্গত তা একটা প্রশ্ন। স্থানীয় সরকার পর্যায়ে স্টেইট ফাইনেন্স কমিশনের নিয়মে বরাদ্দ দেওয়া হচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি।
বছরভিত্তিক জাতীয় বাজেটের ৫ শতাংশ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ রাখা, স্থানীয় সরকারসহ রাষ্ট্র পরিচালনার সব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সহ গভর্নেস অ্যাডভোকেসি ফোরাম’র পক্ষ থেকে এম এম আকাশ ৭ দফা সুপারিশমালা তুলে ধরেন।
এসময় প্রধান অতিথীর বক্তব্যে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, স্থানীয় সরকার ধীরে ধীরে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই এখানে বেশি বেশি গুরুত্ব দেয়া জরুরী। তিনি বলেন, ইউনিয়ন পরিষদের বাজেট বাড়ানো দরকার। তাই কর আদায়ও বাড়াতে হবে । এতে করে ইউনিয়ন পরিষদের উন্নতি হবে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহাবুব আরা বেগম গিনি, স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক ড. তোফায়েল আহমেদ, মানুষের জন্য ফাউন্ডেশন’র নির্বাহী পরিচালক শাহীন আনাম উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ৬ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
দেশে ধান্দাবাজের অর্থনীতি চলছে: ড. খলীকুজ্জামান
বাংলাদেশের অর্থনীতি বড় ধরনের ধান্ধাবাজদের ক্ষেত্র উল্লেখ করে বিশিষ্ট অর্থনীতিবিদ ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র চেয়ারম্যান ড. খলীকুজ্জামান বলেছেন, দেশে এখন বাংলাদেশে বড় ধরনের ধান্ধাবাজদের অর্থনীতি বিরাজমান। এই চক্রটি বেশ শক্তিশালী। যারা বাজেটের বড় অংশ নিয়ন্ত্রণ করেন।





