ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল সাড়ে ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।
এ নির্বাচনে ৬ প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এরা হলেন মো: শাকিল রিজভী, খাজা গোলাম রসুল, মোহাম্মদ শাহজাহান, শরীফ আনোয়ার হোসেন, আহম্মদ রশিদ এবং মিস লায়লুন নাহার একরাম।
এ নির্বাচনকে ঘিরে বেড়েছে প্রার্থীদের উৎকন্ঠা, চলছে প্রচার প্রচারণা। ডিমিউচ্যুয়ালাইজেশন পরবর্তী প্রথম এ নির্বাচন নিয়ে বিনিয়োগকারীদের মধ্যেও রয়েছে নতুন প্রত্যাশা।
বিভিন্ন সূত্রে জানা গেছে, এবারের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। যেহেতু স্বতন্ত্র পরিচালকের মধ্য থেকে এবার চেয়ারম্যান নির্বাচিত হবেন, তাই পর্ষদ শক্তিশালী হওয়া দরকার বলে মনে করছেন সদস্যরা।
তাই ডিমিউচ্যুয়ালাইজেশন পরবর্তী ডিএসই’র প্রথম পর্ষদে পরিচালক পদে অবশ্যই সৎ, অভিজ্ঞ, মেধাবী ও সুশিক্ষিত ব্যক্তি প্রয়োজন বলে মনে করেন ডিএসই’র একাধিক সদস্য।
নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন- সাবেক জেলা জজ শামসুল হক। এ ছাড়া নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন মাহবুবুর রহমান ও কামাল উদ্দিন। কমিশনাররা ডিএসই’র শেয়ারহোল্ডার।
[b]ঢাকা, ১২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]