গত বছর বিশ্বের কৃষি ও খাদ্য উত্পাদন শিল্পে জড়িত ছিলেন প্রায় ১০০ কোটি কর্মী, যা বৈশ্বিক মোট কর্মীর এক-তৃতীয়াংশ। কিন্ত বিপরীতে মাত্র গুটিকয়েক প্রতিষ্ঠান গোটা বিশ্বের খাদ্যবাজার নিয়ন্ত্রণ করে।

সম্প্রতি নিজেদের এক রিপোর্টে অক্সফাম ইন্টারন্যাশনাল বিশ্বের সবচেয়ে বড় ও প্রভাবশালী ১০টি খাদ্য ও পানীয় উত্পাদনকারী প্রতিষ্ঠানের ওপর নজর দেয়। এসব প্রতিষ্ঠান এত শক্তিশালী যে, তাদের নীতি গোটা বিশ্বের খাদ্যাভ্যাস ও শ্রমিকদের কর্মপরিবেশের ওপর ব্যাপক প্রভাব ফেলতে সক্ষম। অক্সফামের পাশাপাশি ওয়াল স্ট্রিটও এ ১০ প্রতিষ্ঠানের রাজস্ব, মুনাফা, সম্পদ ও জনবলের ওপর প্রতিবেদন প্রকাশ করে।

এদের মধ্যে থাকছে সর্বশেষ পাঁচটির তথ্য—

মার্স ইনকরপোরেশন

রাজস্ব: ৩৩ বিলিয়ন ডলার

বিজ্ঞাপন খরচ: ২ দশমিক ২ বিলিয়ন ডলার

মুনাফা: তথ্য পাওয়া যায়নি

জনবল: ৬০ হাজার

বিশ্বের শীর্ষ ১০টি বৃহত্তম খাদ্যপণ্য প্রস্তুতকারীর মধ্যে মার্সই একমাত্র প্রতিষ্ঠান, যেটি ব্যক্তিমালিকানাধীন। বেশ কয়েকটি চকোলেট ব্র্যান্ডের মালিকানার পাশাপাশি চাল ও ক্যান্ডি বাজারেও এটির পদার্পণ রয়েছে। পানি ও ভূমি ব্যবস্থাপনায় অক্সফামের কাছ থেকে বেশ নেতিবাচক পর্যালোচনা পেয়েছে প্রতিষ্ঠানটি। সরবরাহ নীতি ছাড়াও পরিবেশ নিয়ে প্রতিষ্ঠানটির সচেতনতার অভাবকে সমালোচনা করেছে অক্সফাম।

মন্দালেজ ইন্টারন্যাশনাল

রাজস্ব: ৩৫ দশমিক ৩ বিলিয়ন ডলার

বিজ্ঞাপন খরচ: ১ দশমিক ৯ বিলিয়ন ডলার

মুনাফা: ৩ দশমিক ৯ বিলিয়ন ডলার

জনবল: ১ লাখ ৭ হাজার

২০১২ সালে ক্রাফট ফুড দুই ভাগে বিভক্ত হয়, ক্রাফট ফুড গ্রুপ ও মন্দালেজ। ক্যাডবারি, নাবিস্কো, ওরিও ও ট্রাইডেন্টের মতো বিখ্যাত কিছু ব্র্যান্ডের মালিকানা আছে মন্দালেজের হাতে। অক্সফামের দৃষ্টিতে এটির ব্যবস্থাপনায় স্বচ্ছতার বেশ অভাব রয়েছে। এছাড়া জলবায়ু পরিবর্তন নিয়ে এটির সচেতনতাও প্রশ্নবিদ্ধ।

নেসেল

রাজস্ব: ১০৩ দশমিক ৫ বিলিয়ন ডলার

বিজ্ঞাপন খরচ: ৩ বিলিয়ন ডলার

মুনাফা: ১১ দশমিক ২ বিলিয়ন ডলার

জনবল: ৩ লাখ ৩৩ হাজার

অনেক দিক দিয়েই নেসেল বিশ্বের সবচেয়ে বড় খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান। মুনাফা, বিক্রয়, সম্পদ-সব দিক দিয়েই বাদ বাকি প্রতিষ্ঠান থেকে অনেক এগিয়ে সুইজারল্যান্ডের এ প্রতিষ্ঠান। একই সঙ্গে বিভিন্ন ইস্যুতে এটি অক্সফামের শীর্ষ রেটিংপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি। ব্যবস্থাপনায় স্বচ্ছতা, পানিসম্পদের পর্যাপ্ত ব্যবহার ও জলবায়ু মোকাবেলা উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দিক দিয়ে নেসলে অক্সফামের সর্বোচ্চ নম্বর পেয়েছে।

পেপসিকো

রাজস্ব: ৬৬ দশমিক ৪ বিলিয়ন ডলার

বিজ্ঞাপন খরচ: ২ দশমিক ৫ বিলিয়ন ডলার

মুনাফা: ৬ দশমিক ৭ বিলিয়ন ডলার

জনবল: ২ লাখ ৭৪ হাজার

পেপসি, মাউন্টেন ডিউর মতো জনপ্রিয় কোমলপানীয় ছাড়াও টোস্টিটোস, ডোরিটোস ও কোয়েকারের মতো বেশ কয়েকটি শীর্ষ ব্র্যান্ড চালায় পেপসিকো। বিশ্বের শীর্ষস্থানীয় বিজ্ঞাপনদাতাদের অন্যতম এ প্রতিষ্ঠান। ব্র্যান্ডভ্যালু নিরূপণকারী তিনটি প্রতিষ্ঠান ইন্টারব্র্যান্ড, ব্র্যান্ডজ ও কোরব্র্যান্ডের হিসাবে যে কোনো শিল্পের মধ্যে পেপসি বিশ্বের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম। নীতিগত বিষয়ে অক্সফাম খুব একটা ভালো চোখে না দেখলেও সামাজিক দায়বদ্ধতা পূরণে বাজারে এটির সুনাম আছে।

ইউনিলিভার গ্রুপ

রাজস্ব: ৬৮ দশমিক ৫ বিলিয়ন ডলার

বিজ্ঞাপন খরচ: ৭ দশমিক ৪ বিলিয়ন ডলার

মুনাফা: ৬ দশমিক ৭ বিলিয়ন ডলার

জনবল: ১ লাখ ৭৪ হাজার ৩৮১

শুধু খাদ্যপণ্য ও পানীয়ের মধ্যে ইউনিলিভার সীমাবদ্ধ নেই। যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসভিত্তিক এ প্রতিষ্ঠান গৃহস্থালির নানা ধরনের পণ্য প্রস্তুত করে থাকে। নীতিগত বিষয়ে এটির প্রচেষ্টা নিয়ে অক্সফাম বেশ সন্তুষ্ট। এটির শ্রমিক ও কৃষিনীতি তো অক্সফামের কাছে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে। অক্সফামের তালিকায় সার্বিকভাবে শুধু নেসেলই ইউনিলিভার থেকে এগিয়ে আছে। সূত্র: মার্কেট ওয়াচ

ঢাকা, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর