সপ্তাহের প্রথম দিন রোববার চাঙাভাবের মধ্যে শেষ হয়েছে দেশের পুঁজিবাজারের লেনদেন। লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে সূচক বেড়েছে। তবে গতকালের চেয়ে লেনদেন কমেছে দুই বাজারে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ৪ হাজার ৯০০ পয়েন্ট ছাড়িয়েছে।
রোববার ডিএসইর ডিএসইএক্স সূচক ৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪,৯১৩ পয়েন্টে। এর আগে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ঊর্ধ্বমুখী এই প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে ৩০৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২৩২টির দাম বেড়েছে, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে ৯৮১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ৩০৭ কোটি টাকা কম। বৃহস্পতিবার এই বাজারে ১ হাজার ২৮৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে বেক্সিমকো। এ প্রতিষ্ঠানের ৬০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বেক্সিমকো ফার্মা, বিএসআরএম স্টিল, গ্রামীণফোন, এমজেএল বিডি, সামিট পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, গোল্ডেন সন, ইউনিক হোটেল, অ্যাকটিভ ফাইন প্রভৃতি।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বেড়েছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ২১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ২৪৫ পয়েন্টে।
সিএসইতে ২৩০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬৭টির দাম বেড়েছে। কমেছে ৫৬টির আর অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে ৬৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১০ কোটি টাকা কম। বৃহস্পতিবার এ বাজারে ৭৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর





