১৪ দিনের সফরে অর্থমন্ত্রী এখন ওয়াশিংটনের পথে। বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভায় যোগ দিতে বুধবার সকালে ঢাকা  ছেড়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থ মন্ত্রণালয় এ তথ্য জানা গেছে।
অর্থমন্ত্রী দুবাই হয়ে বৃহস্পতিবার ওয়াশিংটনে পৌঁছাবেন বলে সফরসূচিতে উল্লেখ করা হয়েছে। সেখানে চার দিন অবস্থানকালে বিশ্বব্যাংক ও আইএমএফের একাধিক ভোজসভায় অংশ নেওয়ার পাশাপাশি আইএমএফের নির্বাহী পরিচালক (বাংলাদেশ-ভারত-ভুটান-শ্রীলঙ্কা) মুকেশ এন প্রসাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
এ ছাড়াও ‘স্যানিটেশন অ্যান্ড ওয়াটার ফর অল’ শীর্ষক এক উচ্চ পর্যায়ের বৈঠক, অর্থনীতি ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত মন্ত্রী পর্যায়ের বৈঠক, বিশ্ব কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির বৈঠক, ইন্টারন্যাশনাল মনিটারি অ্যান্ড ফিন্যান্সিয়াল কমিটির প্ল্যানারি বৈঠক এবং ডেভেলপমেন্ট কমিটির বৈঠকেও অংশ নেবেন তিনি।
সোমবার সকালে (১৪ এপ্রিল) ওয়াশিংটন থেকে মেক্সিকো যাবেন অর্থমন্ত্রী। পরদিন ‘গ্লোবাল পার্টনারশিপ ফর ইফেক্টিভ ডেভেলপমেন্ট
কো-অপারেশন’-এর উচ্চ পর্যায়ের প্রথম বৈঠকে অংশ নেবেন তিনি। বৃহস্পতিবার পুনরায় ওয়াশিংটনে ফিরবেন মন্ত্রী।
ওয়াশিংটনে পাঁচ দিন অবস্থান শেষে ২৩ এপ্রিল দুপুরে দুবাই হয়ে অর্থমন্ত্রী ঢাকায় ফিরবেন বলে মন্ত্রণালয় জানায়।
[b]ঢাকা, ৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]