গ্যাসের বর্তমান সঙ্কটকে স্বাভাবিক ঘটনা উল্লেখ করে সিলিন্ডার ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
তিনি বলেন, ‘আবাসিক খাতে গ্যাস সংকট স্বাভাবিক। এটি জ্বালানি সংকটের কোনো বিষয় না। গ্যাস লাইনে কাজ চলছে। আগামী ৩-৪ দিনের মধ্যে এ সংকট কেটে যাবে।’
আজ বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম হোসেন খন্দকার ভবন মিলনায়তনে ‘টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে নবায়নযোগ্য শক্তি : বাংলাদেশ প্রেক্ষাপট’ শীর্ষক তিন দিনব্যাপী জাতীয় সেমিনার ও নবায়নযোগ্য শক্তি প্রযুক্তির সরঞ্জামাদির এক প্রদর্শনীর উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, ‘যারা গ্যাস ব্যবহার করছেন আর যারা করছেন না তারা যেন ধীরে ধীরে এলপিজির আওতায় চলে যান। তাহলে ধীরে ধীরে এ সংকট কেটে যাবে।’
প্রতিমন্ত্রী বলেন, আমাদের টার্গেট সবার জন্য সকল এলাকায় গ্যাস সরবরাহ করা। আমাদের উচিত আবাসিক খাত থেকে শিল্প খাতকেই বেশি প্রাধান্য দেওয়া। আশা করি আগামী ৫-৬ মাসের মধ্যেই শিল্প খাতের গ্যাস সংকট কেটে যাবে।
তিনি বলেন, আগামী দিনে আমাদের টার্গেট আবাসিক খাতকে সম্পূর্ণরূপে এলপিজির আওতায় নিয়ে আসা। এলপিজির দাম কমেছে। ভবিষ্যতে আরও কমবে। আমি মনে করি এলপিজি ব্যবহার করলে আবাসিক এলাকায় কোনো গ্যাস সংকট থাকবে না। কীভাবে এর মূল্য হ্রাস করে সবার কাছে গ্রহণযোগ্য করা যায়, সে ব্যাপারে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।
এমএম





