চাঙ্গা পুঁজিবাজারে ধারাবাহিকভাবে সূচক ও লেনদেন যেন পাল্লা দিয়ে বাড়ছে। এই ধারাবাহিকতায় বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন হাজার কোটির পথে পা রেখেছে। এদিন ডিএসইতে ৯৬৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা বিগত ১৪ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিগত তিন মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে।
প্রসঙ্গত, আলোচিত বছরে ডিএসইতে ৮৫৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল ২৬ জানুয়ারি। এর আগে ২০১৩ সালে ১৭ জুলাই ৯৮৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে লেনদেন বেড়েছে ১৩০ কোটি ২০ লাখ টাকার বা ১৫ শতাংশ। আর আগের দিন এ বাজারে ৮৩৬ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
এদিন ডিএসই প্রধান মূল্য সূচক বা ডিএসইএক্স সূচক ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭৯৮ পয়েন্টে। আর ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৩৬ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৭৯ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩০০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩১টি কোম্পানির। আর দর কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।
এছাড়া আজ ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে গ্রামীণ ফোনের শেয়ার। এরপরে রয়েছে- এমজেএলবিডি, বেক্সিমকো ফার্মা, বিএসআরএম স্টীল, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, এসিআই ফরমুলেশন, গোল্ডেন সন এবং ইউনিক হোটেল।
বিশ্লেষকদের মতে, আগস্ট মাস থেকেই পুঁজিবাজারে ইতিবাচক ধারা রয়েছে। এতে বিনিয়োগকারীদের আস্থা বেড়ে গেছে। তাই সাইড লাইনে থাকা বিনিয়োগকারীরা এখন স্বক্রিয় হয়েছে। এছাড়া ব্যাংক আমানতের হার কমে যাওয়ায় মানুষ এখন পুঁজিবাজারের দিকে ঝুঁকছে। এতে বাজার ক্রমেই তেজী হয়ে উঠছে বলে মনে করেন তারা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৯৫০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ৯৬টির আর অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার দর।
টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৬০ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর আগে গত ৪ জুন সিএসইতে লেনদেন হয়েছিল ৬৯ কোটি ৮৮ লাখ টাকা। অর্থাৎ বিগত তিন মাসের মধ্যে সিএসইতে সর্বোচ্চ লেনদেন হয়েছে বুধবার।
মঙ্গলবার সিএসইতে লেনদেন হয়েছিল ৫৩ কোটি ৭২ লাখ টাকা। সে হিসেবে বুধবার সিএসইতে লেনদেন বেড়েছে ১৬ কোটি ১৬ লাখ টাকা।
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর





