ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মোবাইল ব্যাংকিং সার্ভিস এমক্যাশের সঙ্গে রেমিট্যান্স সেবা চালু করল গ্লোবাল মানি ট্রান্সফার কোম্পানি এক্সপ্রেস মানি।
রোববার ইসলামী ব্যাংক টাওয়ারে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান ও এক্সপ্রেস মানির ভাইস প্রেসিডেন্ট অরবিন্দ মাইলার আনুষ্ঠানিকভাবে এ সেবা উদ্বোধন করেন।
ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহা. শামসুল হক, মুহাম্মদ আবুল বাশার, মো. মাহবুব উল আলম ও রফি আহমেদ বেগ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ইন্টারন্যাশনাল ব্যাংকিং উইং প্রধান আবদুস সাদেক ভূইয়া ও এক্সপ্রেস মানির কান্ট্রি ম্যানেজার শামিম ইফতেখারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
এমক্যাশে টাকা পাঠাতে গ্রাহককে এক্সপ্রেস মানির আউটলেটে গিয়ে বেনিফিসিয়ারির বিস্তারিত তথ্যসহ এমক্যাশ মোবাইল অ্যাকাউন্ট নম্বর দিয়ে টাকা জমা দিতে হবে। টাকা গ্রহণ করতে বেনিফিসিয়ারি নিশ্চিত একটি এসএমএস পাবেন। এরপর তিনি তার বৈধ পরিচয়পত্র দেখিয়ে এমক্যাশ এজেন্টের কাছ থেকে টাকা নেবেন।
এ সেবার মাধ্যমে এক্সপ্রেস মানির গ্রাহকরা সরাসরি এমক্যাশ অ্যাকাউন্টে রেমিট্যান্স পাঠানো এবং এমক্যাশ এজেন্টের কাছ থেকে টাকা উত্তোলন করতে পারবেন। এ ছাড়াও গ্রাহকরা টাকা স্থানান্তর, ডিপোজিট করা, ইউটিলিটি বিল ও মার্চেন্ট বিল পরিশোধ, ফি প্রদান ও আই-টপ-আপসহ এমক্যাশের সব সুবিধা পাবেন।
কেএইচ





