সিএনজি ফিলিং স্টেশন ও ওয়ার্কশপের ব্যবসায়ীরা দাবি করেছেন, চলমান হরতাল-অবরোধের কারণে এ খাতের ব্যবসা ৮০ শতাংশ কমেছে।

তাঁরা বলেন,এর ফলে এ খাতের ওপর নির্ভরশীল প্রায় দুই লাখ পরিবার বিপাকে পড়েছে। তাঁরা রাজনৈতিক দলগুলোকে অনতিবিলম্বে আলোচনার মাধ্যমে বর্তমান রাজনৈতিক সংকট সমাধানের আহ্বান জানান।

আজ শনিবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার অ্যাসোসিয়েশন ‘অস্থির রাজনৈতিক অবস্থার অবসান চাই’শীর্ষক এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, দেশে ৫৯০টি সিএনজি স্টেশন আছে, এগুলোতে বিনিয়োগ প্রায় তিন হাজার কোটি টাকা। এর দুই হাজার কোটি টাকাই ব্যাংক ঋণ।

কিন্তু অবরোধের মধ্যে প্রতিদিন সিএনজি স্টেশনগুলোর প্রায় ১০ কোটি টাকা ক্ষতি হচ্ছে। তাঁরা পরিবেশবান্ধব সিএনজি খাতকে রক্ষায় দেশে শান্তিশৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা রাজনীতিবিদদের প্রতি নিয়মতান্ত্রিক উপায়ে আলোচনা করার আহ্বান জানান।

এ সময় তাঁরা বেশ কিছু দাবিও তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, ব্যাংক ঋণ মওকুফ করে পুনঃতফসিল করা, ঋণখেলাপি স্টেশনগুলোকে বিনা সুদে কিস্তিতে ঋণ পরিশোধের ব্যবস্থা করা, সিএনজি স্টেশনগুলোতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ। সংবাদ সম্মেলনে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার অ্যাসোসিয়েশনের অন্য নেতারাও উপস্থিত ছিলেন।

এমকে