জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বাংলাদেশে কর্মরত বিদেশী নাগরিকদের আয়কর আদায় নিশ্চিত করতে দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর ও একটি স্থলবন্দরে বিশেষ আয়কর সেল চালু করেছে । গত ১ জুলাই থেকে বিশেষ এই সেল বা আয়কর চেকপোস্টের কার্যক্রম শুরু হয়েছে।

আয়কর সেল চালু হওয়া বন্দরগুলো হচ্ছে- ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত ও সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এবং বেনাপোল স্থলবন্দর।

বাংলাদেশে কর্মরত বিদেশী নাগরিকরা দেশ ত্যাগের সময় ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে তাদের আয়কর পরিশোধের সনদ দেখাতে হবে। যেসব বিদেশী নাগরিক ইতোপূর্বে আয়কর পরিশোধ করেননি, তাদেরকে ইমিগ্রেশন সম্পন্ন করতে হলে তাৎক্ষণিকভাবে জরিমানাসহ প্রয়োজনীয় কর পরিশোধ করতে হবে। এতে ব্যর্থ হলে তাদের দেশ ত্যাগের অনুমতি দেয়া হবে না।

এ প্রসঙ্গে এনবিআরের সদস্য মো. আব্দুর রাজ্জাক (আয়কর) সাংবাদিকদের জানান, ‘সারাবিশ্বে বিদেশী কর্মীদের দেশ ত্যাগ করার সময় আয়কর সনদ দেখাতে হয়। কিন্তু জনবলের অভাবে আমরা এ বিষয়টি এতদিন জোরালোভাবে মনিটারিং করতে পারেনি। মূলত কর ফাঁকি রোধ এবং মনিটরিং জোরদার করতেই বিমানবন্দর ও স্থলবন্দরে আয়কর সেল চালু করা হয়েছে।’

তিনি জানান, চালু হওয়া বিশেষ এই আয়কর সেলগুলোতে ইতোমধ্যে বেশ ভালো সাড়া পাওয়া গেছে।

এনবিআর সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে এনজিও, হোটেল-রেস্টুরেন্ট, শিক্ষা প্রতিষ্ঠান, গার্মেন্টস, হাসপাতাল, মার্চেন্ডাইজিংসহ বিভিন্ন শিল্পকারখানায় পাঁচ লাখেরও বেশি বিদেশী নাগরিক কাজ করছেন। এর মধ্যে নিয়মিত কর দিচ্ছেন মাত্র ১১ হাজার।

আয়কর অধ্যাদেশ অনুযায়ী, কোনো বিদেশী নাগরিক যদি বাংলাদেশে বছরে ৯০ বা তার বেশি দিন অবস্থান করেন, তাহলে তাকে একটি আয়কর ফাইল খুলতে হবে। অর্থাৎ নিয়ম অনুযায়ী ওই বিদেশী নাগরিককে আয়কর দিতে হবে। আর বাংলাদেশের অভ্যন্তরে কর্মরত বিদেশীদের আয়ের ৩০ শতাংশ আয়কর দেয়ার বিধান রয়েছে। অথচ যথাযথ মনিটরিং না করার কারণে বিদেশীদের কাছ থেকে আয়কর আদায় সম্ভব হচ্ছে না।

আব্দুর রাজ্জাক বলেন, মনিটারিং জোরদার করতে বিদেশীরা যেসব প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, এমন সব প্রতিষ্ঠানে চিঠি পাঠানো হচ্ছে। এতে বলা হয়েছে, বিদেশীদের কর যথাযথভাবে পরিশোধ করে কর প্রত্যায়নপত্র তাদেও যেন বুঝিয়ে দেওয়া হয়। যাতে ঝামেলামুক্তভাবে তারা দেশ ত্যাগ করতে পারেন।

তিনি বলেন, এখন স্বল্পসংখ্যক জনবল নিয়ে সেলগুলোর কার্যক্রম শুরু হলেও পরবর্তীতে জনবল আরো বাড়ানো হবে। পর্যায়ক্রমে এগুলোকে পূর্ণাঙ্গ আয়কর চেকপোস্ট হিসেবে গড়ে তোলা হবে বলে তিনি জানান।

এনবিআরের এই সদস্য আরো জানান, শুরুতে ৪টি বন্দরে আয়কর সেল চালু হলেও ধাপে ধাপে দেশের সব চেক আউট পয়েন্ট বা স্থলবন্দরগুলোতে এই সেল চালু করা হবে।

বিদেশীদের কাছ থেকে কর আদায় নিশ্চিত করতে ২০১৫-১৬ অর্থবছরে আয়কর অধ্যাদেশে নতুন ধারা সংযোজন করা হয়েছে। এতে কোন প্রতিষ্ঠান কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিদেশী নাগরিককে নিয়োগ দিলে, নিয়োগকর্তার সর্বোচ্চ ৩ মাস থেকে ৩ বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা অথবা উভয়দণ্ডের বিধান রয়েছে।

সূত্র: বাসস

এমআইএস