সংযুক্ত আরব আমিরাতে ভিসা প্রক্রিয়া সহজ করতে আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। বাংলাদেশে নিযুক্ত সংয্ক্তু আরব আমিরাতের রাষ্ট্রদূত ডঃ সাইয়িদ বিন হজর আল-শেহী বুধবার ডিসিসিআইতে সাক্ষাৎ কালে এ আহ্বান জানান ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)’র সভাপতি মোহাম্মদ শাহজাহান খান।
এ সময় ডিসিসিআই সভাপতি শাহজাহান খান বলেন, সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে বাংলাদেশের প্রায় ১ মিলিয়ন লোক বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন, যা দুদেশের অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এজন্য তিনি বাংলাদেশীদের বিশেষ করে ব্যবসায়ী সম্প্রদায়ের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা প্রক্রিয়া আরোও সহজতর করার আহবান জানান।
তিনি বলেন, বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজতর হলে, এ দেশের ব্যবসায়ীরা সংযুক্ত আরব আমিরাতে নিজেদের ব্যবসায়িক কর্মকান্ড আরো সম্প্রসারণের সুযোগ পাবে। ডিসিসিআই সভাপতি বাংলাদেশী ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স এবং তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞদের আরোও বেশি হারে আরব আমিরাতে কাজের সুযোগ প্রদানের উপর গুরুত্বারোপ করেন।
তিনি বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি, ইলেকট্রনিক্স, হিমায়িত খাদ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, ফার্মাসিউটিক্যাল, কৃষিজাত পণ্য, জাহাজ নির্মান, প্রভৃতি খাতে বিনিয়োগের জন্য সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীদের আহবান জানান।
ঢাকা চেম্বারের সভাপতি বাংলাদেশ থেকে চা, কেমিক্যাল পণ্য, চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হালাল খাদ্য, শাক-সবজি এবং আতর ইত্যাদি আরোও বেশি হারে আমদানির প্রস্তাব করেন।      
সংয্ক্তু আরব আমিরাতের রাষ্ট্রদূত ডঃ সাইয়িদ হজর আল-শেহী বাংলাদেশে বিদেশী বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে বিনিয়োগ সংক্রান্ত তথ্যাদি আরো বেশি হারে প্রচার এবং তথ্য প্রাপ্তির সহলভ্যতার উপর গুরুত্বারোপ করেন।
তিনি দুদেশের মধ্যকার বাণিজ্য সম্প্রসারণে আরোও বেশি হারে বাণিজ্য প্রতিনিধিদল প্রেরণ এবং চেম্বার ও চেম্বারের মধ্যকার সম্পর্ক আরোও উন্নয়নের প্রস্তাব করেন।
তিনি ভিসা প্রাপ্তির ক্ষেত্রে বাংলাদেশী ব্যবসায়ীদের অগ্রাধিকার প্রদানের গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীদের মধ্যকার আস্থা, বিশ্বাস ও সহযোগিতা আরো বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন। তিনি বিদেশী বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিতকরনের উপর জোরারোপ করেন।     
ডিসিসিআই পরিচালক হায়দার আহমদ খান, এফসিএ, নেসার মাকসুদ খান, মোঃ ইফতেখারউদ্দিন (নওশাদ), হুমায়ুন রশীদ, মুক্তার হোসেন চৌধুরী, এস রুমি সাইফুল্লাহ, হোসেন এ সিকদার, আলহাজ্ব আব্দুস সালাম, মোঃ শোয়েব চৌধুরী এবং এ কে ডি খায়ের মোহাম্মদ খান সভায় উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]