[b]ঢাকা: [/b]সংশোধিত ব্যাংক কোম্পানি আইনের আলোকে নগদ জমা সংরক্ষণ (সিআরআর) ও বিধিবদ্ধ জমা সংরক্ষণ (এসএলআর) পরিপালনের জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। সংশোধিত আইনে সিআরআর ও এসএলআর আলাদাভাবে হিসাব করা হবে। আগামী মাস থেকে এ নিয়ম কার্যকর হবে। প্রচলিত নিয়মে এ দু’টি বিষয় একত্রে হিসাব হয়। রোববার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক-কোম্পানি আইন সংশোধনীর ফলে প্রচলিত ধারার ব্যাংকগুলোর সিআরআরের অতিরিক্ত নগদ জমাসহ সহজে বিনিময়যোগ্য সম্পদের রক্ষণীয় মাত্রা দৈনিক ভিত্তিতে তাদের মোট তলবি ও মেয়াদি দায়ের ১৩ শতাংশের এবং ইসলামী ব্যাংকগুলোর ক্ষেত্রে এই মাত্রা ৫.৫ শতাংশের কম হবে না।
অন্যদিকে সাপ্তাহিক ভিত্তিতে মোট তলবি ও মেয়াদি দায়ের ৬% সিআরআর হিসেবে সংরক্ষণ করার বিধান রয়েছে। একইসঙ্গে দৈনন্দিন ভিত্তিতে মোট তলবি ও মেয়াদি দায়ের সাড়ে ৫% প্রভিশন রাখতে হবে।এছাড়া, সিআরআর ও এসএলআর সংরক্ষণের ক্ষেত্রে মুদ্রানীতি বিভাগের নির্দেশনা মেনে চলার কথা বলা হয়েছে।
এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, সিআরআর ও এসএলআর বর্তমানে একত্রে হিসাবায়ন হয়। দু’য়ে মিলে প্রচলিত ধারার ব্যাংকগুলো ১৯% এবং ইসলামী ব্যাংকগুলো সাড়ে ১১% কেন্দ্রীয় ব্যাংকে সংরক্ষণ করে। এর মধ্যে উভয় ধরনের ব্যাংকের ক্ষেত্রে বাধ্যতামূলক ৬% সিআরআর হিসেবে নগদে রাখতে হয়।
বাকি অংশ বিল ও বন্ডের মাধ্যমে সংরক্ষণ করা যায়। তবে সিআরআরের হিসেবে যে পরিমাণ অর্থ রাখতে হয় তার বাড়তি অংশ এসএলআর হিসেবে দেখানো যায়।
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]