উৎপাদনমুখী কর্মকান্ডের জন্য সরকারকে চরাঞ্চলের কৃষকদের মাঝে বিনাসুদে ঋণ দেয়ার কথা জানিয়েছেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মো. আবদুর রাজ্জাক এমপি।

আজ বৃহস্পতিবার দুপুরে কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর সহযোগিতায় গবেষণা সংগঠন উন্নয়ন সমন্বয় এর আয়োজনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে জাতীয় বাজেটে সুনির্দিষ্ট বরাদ্দ ও বাস্তবায়ন কেন জরুরি’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আব্দুর রাজ্জাক বলেন, চরে যে অপার সম্ভাবনা রয়েছে সেগুলোকে কাজে লাগাতে চরের মানুষের জন্য কৃষি, স্বাস্থ্য, শিক্ষাসুবিধাসহ বিভিন্ন ধরনের সরকারি সেবা সুবিধা আরো বাড়াতে হবে। প্রাকৃতিক দুর্যোগপ্রবণ চরের অর্থনীতিকে গতিশীল করতে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করতে হবে।

তিনি বলেন, চরাঞ্চলে বাদাম ও মিষ্টি কুমড়াসহ বিভিন্ন জাতের সবজির চাষ করা যেতে পারে। তবে এসবের বাজারজাতকরণের নিশ্চয়তা অবশ্যই সরকারকে দিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে আ খ ম জাহাঙ্গীর হোসেন এমপি বলেন, চরের মানুষের জন্য অগ্রাধিকারভিত্তিক ও টেকসই উন্নয়নে জাতীয় পর্যায়ে একটি ফাউন্ডেশন গঠন এবং চর উন্নয়ন নীতিমালা প্রণয়ন করতে হবে।

তিনি বলেন, চর এলাকার জন্য বাজেটে অর্থ বরাদ্দ করলেই হবে না, বাস্তবায়নকারী সংস্থার উপরও জোর দিতে হবে।

বিশেষ অতিথি কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মো. মকবুল হোসেন এমপি বলেন, ‘চরাঞ্চলের জন্য বরাদ্দকৃত অর্থ সুষ্ঠুভাবে ব্যবহার করতে হবে। পরিকল্পনা বাস্তবায়নের মধ্যে দিয়ে চরের জমি ব্যবহার করতে না পারলে উৎপাদনের গতি হ্রাস পাবে। তাই স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে চরের উৎপাদন ব্যবস্থাকে গতিশীল করতে হবে।’

মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে ন্যাশনাল চর অ্যালায়েন্সের চেয়ারম্যান খন্দকার ইব্রাহিম খালেদ বলেন, ‘পর পর গত দুই বাজেটে চরের এলাকার উন্নয়নে ৫০ কোটি টাকা করে বরাদ্দ রাখা হয়েছিল। কিন্তু এসব অঞ্চলের উন্নয়নে একটি পয়সাও খরচ হয় নাই।’

তিনি বলেন, রাজনৈতিক সরকার চাইছে চরের উন্নয়ন হোক। কিন্তু বাজেটে শুধু বরাদ্দ দিলেই হবে না, সেই বরাদ্দকৃত টাকা যথাযথভাবে কাজে লাগাতে হবে। পাশাপাশি সমবায় মন্ত্রণায়লয়ের মাধ্যমে এই বরাদ্দের টাকা ব্যয় করা যায় কিনা সে ব্যাপারেও প্রস্তাব রাখেন ইব্রাহিম খালেদ।

চর বাজেট বিষয়ে তথ্যপত্র উপস্থাপন করেন কোঅর্ডিনেটর জাহিদ রহমান। উন্নয়ন সমন্বয়ের কো অর্ডিনেটর শাহীন উল আলমের পরিচালনায় এসময় আরো বক্তব্য রাখেন- সাংবাদিক জামাল উদ্দিন ও কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের কর্মসূচি প্রধান জাকির আহমেদ খান প্রমুখ।

ইআর