ট্যানারি ব্যবসায়ীরা আপত্তি তুললেও আগামী শুক্রবারের মধ্যে কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করার নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ঈদের পর ৩০ দিন যাতে চামড়া পাচার না হয় সে ব্যাপারেও সরকার পদক্ষেপ নিয়েছে বলে তিনি জানান।
মঙ্গলবার সচিবালয়ে চামড়া ও মাংস ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক বেঠকে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্ রীবলেন, “আমরা সরকার থেকে চামড়ার মূল্য নির্ধারণ করতে চাই না। জনগণ যাতে উপযুক্ত মূল্য পায়, আপনাদেরও (ব্যবসায়ী) যাতে সুবিধা হয় সে দিকে খেয়াল রেখে মূল্য নির্ধারণ করবেন।”
চামড়া সংগ্রহের মূল্য নির্ধারণ হলে আগামী শুক্রবার সংবাদ সম্মেলন করে তা সবাইকে জানিয়ে দেয়া হবে বলে তোফায়েল জানান। তিনি বলেন, “ঈদের পর অন্তত ৩০ দিন যাতে সীমান্ত দিয়ে চামড়া পাচার না হতে পারে সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিজিবি ও পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।”
কোরবানির চামড়া বিক্রির টাকা এতিমখানাসহ গরিব মানুষকে দেয়া হয় উল্লেখ করে তোফায়েল বলেন, “চামড়ার ন্যায্য মূল্য মানুষ যাতে পায় সেদিকে খেয়াল রাখতে হবে।”
গত বছর সরকার নির্ধারিত দাম অনুযায়ী ব্যবসায়ীরা ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়া কেনেন ৮৫-৯০ টাকায়। আর ঢাকার বাইরে তা কেনা হয় ৭৫-৮০ টাকায়।
সারাদেশে প্রতি বর্গফুট খাসির চামড়ার দাম গত বছর ছিল ৫০-৫৫ টাকা। বকরির চামড়া ৪০-৪৫ টাকা এবং মহিষের চামড়া ৪০-৪৫ টাকায় বেঁধে দেওয়া হয়েছিল।
ঢাকা, ৩০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর





