[b]ঢাকা: ‘[/b]পল্লী ঋণের তথ্য দেই, দেশের উন্নয়নে শরিক হই’ স্লোগানকে সামনে রেখে রোববার থেকে দেশব্যাপী শুরু হচ্ছে পল্লী ঋণ জরিপের মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহের কাজ।
পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) দ্বিতীয় বারের মতো এ বিষয়ক জরিপ কাজ পরিচালনা করতে যাচ্ছে। এর আগে ১৯৮৭ সালে বিবিএস প্রথম বারের মতো ‘রুরাল ক্রেডিট সার্ভে’ নামে একটি জরিপ পরিচালনা করে।
সারাদেশে ৬৪ জেলার ৪৮৩টি উপজেলায় ২ হাজার ২৪০টি গণনা এলাকায় এ জরিপ কাজ চলবে। মোট ৪২৩ জন তথ্যসংগ্রহণকারী ২৬ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত থাকবে।
বিবিএস সরকারের পরিকল্পনা প্রণয়নের জন্য বিভিন্ন ধরনের শুমারি ও জরিপ পরিচালনা করে থাকে। এর ধারাবাহিকতায় ‘পল্লী ঋণ জরিপ ২০১২-১৪’ শীর্ষক এ কর্মসূচি পরিচালনা করতে যাচ্ছে। ইতোমধ্যে জরিপের প্রশ্নপত্র তৈরির কাজ শেষ হয়েছে এবং এর প্রি-টেস্ট কার্যক্রমও শেষ হয়েছে।
জরিপ কর্মসূচি পরিচালক মো. গোলাম মোস্তফা জানান, বর্তমান প্রেক্ষাপটে পল্লী ঋণ দেশের গ্রামীণ অর্থনীতির উন্নয়নে বড় ভূমিকা পালন করে। আর গ্রামীণ অর্থনীতির উন্নয়ন মানেই দেশের অর্থনৈতিক উন্নয়ন। জরিপের মাধ্যমে পল্লী ঋণের উৎস, চাহিদা এবং ব্যবহার সম্পর্কে হালনাগাদ তথ্যভাণ্ডার গড়ে তোলা হবে। এর মাধ্যমে ঋণদাতা সংস্থা, ব্যক্তি ও অপ্রাতিষ্ঠানিক ঋণের তথ্যও সংগ্রহ করা হবে।
গোলাম মোস্তফা জানান, বিবিএসের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ জরিপ কাজ তদারকি করবে। প্রায় দুই কোটি টাকা ব্যয়ে এ জরিপ কাজ পরিচালিত হচ্ছে। মোট ৫৬ হাজার ঋণগ্রহীতা খানায় জরিপের তথ্য সংগ্রহ করা হবে। পদ্ধতিগত বাছাই প্রক্রিয়ার মাধ্যমে জরিপের স্টেকহোল্ডার নির্বাচিত করা হয়েছে। জরিপের মধ্য দিয়ে সঠিক তথ্য বের হয়ে আসবে এবং তা দেশের উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]