পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের পুনঃঅর্থায়ন তহবিলের দ্বিতীয় কিস্তির ৩০০ কোটি টাকা বণ্টনের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া দ্বিতীয় কিস্তির অর্থের জন্য আবেদনের সময়সীমা ৩ মাস বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করা হয়েছে তদারক কমিটির বৈঠকে।
এ অর্থ ছাড়ের বিষয়ে শিগগিরই বাংলাদেশ ব্যাংকের কাছে অনুরোধ জানাবে তদারক কমিটি। সোমবার পুনঃঅর্থায়ন তহবিল বণ্টন কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৈঠক শেষে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও তহবিল তদারক কমিটির আহ্বায়ক মো. সাইফুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
সাইফুর রহমান বলেন, সোমবার তদারক কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আমরা বণ্টন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছি। আলোচনায় প্রথম কিস্তির অবশিষ্ট অর্থসহ আরো ৮০ কোটি টাকা বণ্টন কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রথম কিস্তির টাকা বণ্টন প্রক্রিয়া শেষ হবে।
আমরা সিদ্ধান্ত নিয়েছি, পুনঃঅর্থায়নের দ্বিতীয় কিস্তির টাকা বণ্টনের বিষয়ে শিগগিরই বাংলাদেশ ব্যাংকের কাছে অনুরোধ জানানো হবে। অন্যদিকে দ্বিতীয় কিস্তির অর্থ বণ্টনের লক্ষ্যে বিনিয়োগকারীদের আবেদনের কাট অব ডেট আরো ৩ মাস অর্থাৎ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
জানা গেছে, সরকারি ঘোষণা অনুযায়ী ৯০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বণ্টনের জন্য গত বছরের ২৭ আগস্ট বাংলাদেশ ব্যাংক প্রথম কিস্তি বাবদ ৩০০ কোটি টাকা দেয় আইসিবিকে।শর্ত ছিল প্রথম কিস্তির ৩০০ কোটি টাকা ব্যয় হলে পরে সমান দুই কিস্তিতে বাকি ৬০০ কোটি টাকা ছাড় দেয়া হবে।
উল্লেখ্য, পুনঃঅর্থায়ন তহবিলের প্রথম কিস্তির অর্থ বণ্টনে সপ্তমবারের মতো বিনিয়োগকারীদের আবেদনের সময় রয়েছে ৩০ জুন পর্যন্ত।
ঢাকা, ২৪ জুন (টাইমনিউজবিডি.কম) // এমআর





