পুঁজিবাজারের তালিকাভুক্ত ৪টি কোম্পানির পরিচালনা পর্ষদ রাইট (অগ্রাধিকারমূলক) শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। শেয়ারহোল্ডারদের সম্মতি নেওয়ার জন্য দিনক্ষণও ঠিক করেছে কোম্পানিগুলো। তবে সব কিছু নির্ভর করছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের ওপর।

কোম্পানিগুলো হলো-বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস (বিডিবিল্ডিং), মোজাফফর হোসেন স্পিনিং মিলস, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস ও দেশবন্ধু পলিমার লিমিটেড

জানা গেছে, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস (বিডিবিল্ডিং) ৫:২ হারে রাইট ইস্যু করবে। অর্থাৎ প্রতি ৫ টি শেয়ারের বিপরীতে ২ টি রাইট শেয়ার ইস্যু করবে। বৃহস্পতিবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মূলধন বাড়ানো, ব্যবসা সম্প্রসারণ, পণ্যের বৈচিত্র আনা এবং বকেয়া ঋণ পরিশোধের জন্য কোম্পানির পরিচালনা পর্ষদ রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ২৩ অক্টোবর অনুষ্ঠেয় কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতি পেলে নিয়ন্ত্রক সংস্থার কাছে রাইট শেয়ার ইস্যুর অনুমোদন চেয়ে আবেদন করা হবে। বিএসইসি অনুমোদন দিলে শেয়ারহোল্ডারদের কাছ থেকে আবেদন আহ্বান করা হবে।

রাইট শেয়ারের জন্য ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১০ টাকা প্রিমিয়াম নেবে কোম্পানিটি। রাইট শেয়ারের ইস্যু মূল্য হবে ২০ টাকা। বিনিয়োগকারীরা চাইলে এ শেয়ারের স্বত্ব অন্য কারো নামেও স্থানান্তর (রিনানসিয়েশন) করা যাবে।

৩:২ হারে রাইট ছাড়বে বস্ত্র খাতের মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড। একই সাথে পরিশোধিত ও অনুমোদিত মূলধন বাড়াবে কোম্পানিটি। ২টি সাধারণ শেয়ারেরে বিপরীতে ৩টি করে রাইট শেয়ার ছাড়বে। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে রাইট ইস্যু করবে। এ জন্য জরুরি সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৩০ অক্টোবর। আর ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট ২৫ সেপ্টেম্বর

কোম্পানি জানিয়েছে, বিদ্যামান রোটর প্রজেক্টের অধীনে একটা রিং প্রজেক্ট স্থাপন করার জন্যই রাইট ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ। বিএসইসি অনুমোদন দিলেই কোম্পানিটি রাইট শেয়ার ছাড়তে পারবে।

ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ রাইট শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ২:৫ হারে অর্থাৎ ৫টি সাধারণ শেয়ারের বিপরীতে ২টি করে রাইট শেয়ার ছাড়বে।

গত বুধবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয় তারা। আগামী ২৩ অক্টোবর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেয়ারহোল্ডাদের সম্মতি নেয়া হবে। শেয়ারহোল্ডাররা সম্মতি দিলে বিএসইসির কাছে আবেদন করবে কোম্পানিটি।

এদিকে প্রকৌশল খাতের দেশবন্ধু পলিমারের পরিচালনা পর্ষদও রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ১:১ হারে অর্থাৎ একটি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট ইস্যু করবে। কোম্পানিটির রাইট শেয়ার ইস্যু করা হবে অভিহিত মূল্যে।

আগামী ১৯ অক্টোবর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও জরুরী সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে। শেয়ারহোল্ডাদের সম্মতি পেলে তারা বিএসইসিতে রাইটের জন্য আবেদন করবে।

ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর