টানা এক সপ্তাহ পর মঙ্গলবার মূল্য সংশোধন হয়েছে পুঁজিবাজারে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে কমেছে সব ধরনের মূল্যসূচক। এমনকি লেনদেনও কমেছে উল্লেখযোগ্য হারে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সব ধরনের মূল্য সূচক কমেছে।
বিশ্লেষকদের মতে, ঈদের ছুটির পর গত সাত কার্যদিবস ধরে বাজার ঊর্ধ্বমুখীতে রয়েছে। মঙ্গলবার পুঁজিবাজারের সূচক ও লেনদেনের পতনকে তারা ইতিবাচক হিসাবেই দেখছেন। কারণ স্বাভাবিক পুঁজিবাজারে মাঝে মাঝে মূল্য সংশোধনের প্রয়োজন রয়েছে।
এখন সাইডলাইনে থাকা ক্ষুদ্র ও প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বিনিয়োগ শুরু করেছে। তারা ফের সক্রিয় হয়েছেন বাজারে। অন্যদিকে ঋণ চাহিদা কমে যাওয়ায় কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও পুঁজিবাজারের দিকে ঝুঁকেছে। এর ফলে বাজারে স্বাভাবিক আচরণ রয়েছে বলে মনে করেন তারা।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৫২৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১৪৯টির আর অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৬৮১ কোটি ৩৭ লাখ ২৬ হাজার টাকা।
মঙ্গলবার সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে মবিল যমুনা বাংলাদেশ লিমিটেডের। এ দিন এ কোম্পানির ৩৬ লাখ ১৬ হাজার ২০০টি শেয়ার ৩৬ কোটি ১ লাখ ২১ হাজার ৫০০ টাকায় লেনদেন হয়েছে।
সোমবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৫৬৫ পয়েন্টে। ওইদিন লেনদেন হয় ৭৯০ কোটি ১৮ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সে হিসেবে মঙ্গলবার ডিএসইতে লেনদেন কমেছে ১০৮ কোটি ৮১ লাখ ৩৯ হাজার টাকা।
এদিন টপ-২০ তালিকায় থাকা কোম্পানিগুলোর মোট ৩৬৫ কোটি ৪৮ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৫৬৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ১২১টির আর অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৪৬ কোটি ৭২ লাখ টাকা।
সোমবার সিএসইতে লেনদেন হয়েছিল ৫৪ কোটি ৫ লাখ টাকা। সে হিসেবে মঙ্গলবার সিএসইতে লেনদেন কমেছে ৭ কোটি ৩৩ লাখ টাকা।
ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এমআর





