দেশে তৃতীয়বারের মতো বস্তি শুমারি ও ভাসমান লোক গণনা কাজ শুরু করছে সরকার। আগামী ২৫ এপ্রিল হতে ২ মে দেশের সকল শহরাঞ্চলে কার্যক্রম শুরু হবে বলে বিবিএস সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) তৃতীয়বারের মতো বস্তি শুমারি করবে। এর মাধ্যমে দেশের বস্তির সংখ্যা, বস্তিতে অবস্থিত খানার সংখ্যা এবং বয়স ও  লিঙ্গভেদে বস্তির জনসংখ্যা নিরূপণ করা যাবে। এছাড়া দেশের বস্তিবাসীদের আর্থ-সামাজিক অবস্থা নিরূপণ করাও সম্ভব হবে। এ শুমারির মাধ্যমে কোন জেলা হতে কত লোক বস্তিতে এসেছে, তাদের ভূমিহীনতা, শিক্ষা, পেশা এবং পরিবেশগত তথ্যও সংগ্রহ করা হবে।
উল্লেখ, বিবিএস ১৯৮৫-৮৬ সালে প্রথমবারের মতো দেশের চারটি বৃহত্ শহর-ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে বস্তি শুমারি সম্পন্ন করে। ১৯৯৭ সালে দ্বিতীয়বার দেশের সকল শহর এলাকায় পূর্ণাঙ্গ বস্তি শুমারি অনুষ্ঠিত হয়।
এরপর ২০০৬ সালে বস্তিবাসীদের খাদ্য নিরাপত্তার ওপর এক জরিপ অনুষ্ঠিত হয়। আগামী ২৫ এপ্রিল থেকে ২ মে দেশের সকল শহরাঞ্চলে তৃতীয় বস্তি শুমারি শুরু হচ্ছে ।
[b]ঢাকা, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]