বাংলাদেশ-সৌদির মধ্যকার সম্পর্ক উন্নয়নের আরেকটি নতুন দিক উন্মোচন করল বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং সৌদি আরবের জাতীয় মান সংস্থা সৌদি স্ট্যান্ডার্ডস, মেট্রোলজি অ্যান্ড কোয়ালিটি অর্গানাইজেশনের (সাসো) মধ্যে মান বিষয়ক দ্বিপক্ষীয় কারিগরি সহায়তা চুক্তি।

সৌদি আরবের রাজধানী রিয়াদে মঙ্গলবার বাংলাদেশের পক্ষে বিএসটিআইর মহাপরিচালক মো. ইকরামুল হক এবং সৌদি আরবের পক্ষে সাসো’র গভর্নর সা’দ বিন ওতমান আল-কাসাবি এ চুক্তিতে স্বাক্ষর করেন। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ সময় উপস্থিত ছিলেন।

এ চুক্তি সম্পাদনের ফলে সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের দেশগুলোতে বিএসটিআই প্রদত্ত মান সনদ গ্রহণযোগ্য হবে। ফলে এসব দেশে বাংলাদেশী পণ্যের রপ্তানি বাড়বে।

এর আগে শিল্পমন্ত্রী সৌদি আরবের বিখ্যাত সার ও রাসায়নিক দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সৌদি এরাবিয়া বেসিক ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (সাবিক) নির্বাহী ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন। বিএসটিআই-এর মহাপরিচালক মো. ইকরামুল হক, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মশীসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

উক্ত বৈঠকে সাবিকের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট বলেন, বর্তমানে সাবিক বিশ্বের চতুর্থ বৃহৎ কেমিক্যাল পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। এটি বিশ্বমানের কেমিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল পলিমার, সার ও ধাতবপণ্য উৎপাদন করছে। তিনি বাংলাদেশে রসায়ন শিল্পের উন্নয়নে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সাবিক উৎপাদিত ইউরিয়া সারের গুণগতমানের প্রশংসা করেন।

বিকেলে শিল্পমন্ত্রী সৌদি আরবের বিখ্যাত স্টিল ও মেটাল প্রক্রিয়াজাতকরণ শিল্প কারখানা মেডেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডসহ কয়েকটি শিল্প কারখানা পরিদর্শন করেন।

মন্ত্রী বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ বাড়াতে সৌদি শিল্প উদ্যোক্তা সংগঠন ‘কাউন্সিল অব সৌদি চেম্বার’ এর নেতাদের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া, তিনি সৌদি আরবের বিনিয়োগ কর্তৃপক্ষ ‘সৌদি এরাবিয়ান জেনারেল ইনভেস্টমেন্ট অথরিটি’-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

আইএস