ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন যে দেশের মোট জিডিপির ৩০ শতাংশ অবদানই এসএমই খাতের।
শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে ‘এসএমই উন্নয়ন : কার্যকরী এসএমই এ্যাসোসিয়েশনের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আতিউর রহমান বলেন, ‘বাংলাদেশে ৯৯ শতাংশ প্রাইভেট সেক্টরের এন্টারপ্রাইজই এমএসএমই এর অর্ন্তভুক্ত। জিডিপিতে ৩০ শতাংশ অবদানই এই এমএসএমই এর। এ ছাড়া ৮০ শতাংশ ইন্ডাস্ট্রিয়াল জব এই এমএসএমই খাত থেকে আসে। শহর ও গ্রামের পার্থক্য কমাতে আমাদের এমএসএমইকে গুরুত্ব দিতে হবে।’
সেমিনারে ভারতীয় এসএমই সংগঠন আইএমএসএমই অব ইন্ডিয়া এর চেয়ারম্যান রাজীব চাওলা কার্যকরী এসএমই এ্যাসোসিয়েশনের ভূমিকা শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করেন।
তিনি বলেন, ‘এ্যাসোসিয়েশনটি তার সদস্যদের জন্য পণ্য বিপণন, কাঁচামাল ক্রয়, পণ্য রপ্তানি, ঋণ প্রাপ্তিতে সহায়তা, রেটিং এজেন্সি, এয়ারলাইন, ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে বিভিন্ন চুক্তি সম্পাদন প্রভৃতি কাজ করে আসছে। সমস্যা বলতে কিছু নেই। বরং প্রত্যেক সমস্যারই একটি সমাধান আছে। এই ভেবেই আমরা কাজ করি।’
বিআইবিএম’র মহাপরিচালক ড. তৌফিক আহম্মদ চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, ভারতীয় হাইকমিশনের ডেপুটি হাই কমিশনার সন্দীপ চক্রবর্তী, ডিসিসিআইয়ের সাবেক সভাপতি সবুর খান, বেসিক ব্যাংকের এমডি খন্দকার মো. ইকবাল প্রমুখ।
জেডআই





