ধারাবহিকভাবে কমছে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স। অর্থবছরের ৮ মাসে রেমেটেন্স কমেছে ৭ শতাংশ। গত অর্থবছরের দ্বিতীয়ার্ধ থেকে রেমিট্যান্স প্রবাহে ক্রমাগতভাবে নেতিবাচক ধারা চলছে।
এরই ধারাবাহিকতায় সদ্যসমাপ্ত ফেব্রুয়ারি মাসে ১১৬ কোটি মার্কিন ডলার বা তার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে এসেছে, যা এর আগের মাস তথা জানুয়ারি মাসে ছিল ১২৬ কোটি ডলার। সে হিসাবে ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ কমেছে ১০ কোটি ডলার।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যানে দেখা যায়, চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) ৯১৯ কোটি ৬৯ লাখ ডলারের রেমিট্যান্স দেশে এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৯৮৯ কোটি ১৫ লাখ ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের আট মাসে রেমিট্যান্স কমেছে ৬৯ কোটি ৪৬ লাখ ডলার বা ৭ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, গত অর্থবছরের ফেব্রুয়ারিতে ১১৬ কোটি ৩১ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছিল, যা ফেব্রুয়ারি শেষে দাঁড়িয়েছে ১১৬ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে গত অর্থবছরের ফেব্রুয়ারির তুলনায় রেমিট্যান্স প্রবাহ অপরিবর্তিত রয়েছে। যদিও প্রতিবছরের রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়ে থাকে।
প্রতিবেদনে দেখা যায়, ফেব্রুয়ারি মাসে রাষ্ট্রীয় মালিকানার বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩৬ কোটি ৭৫ লাখ ডলার, যা জানুয়ারিতে ছিল ৩৮ কোটি ৯৩ লাখ ডলার। বিশেষায়িত ২টি ব্যাংকের মাধ্যমে এসেছে ১ কোটি ৩২ লাখ ডলার, যা আগের মাসে ছিল ১ কোটি ৫৯ লাখ ডলার। বেসরকারি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭৬ কোটি ৯৩ লাখ ডলার, যা আগের মাসে এসেছিল ৮৩ কোটি ৬২ লাখ ডলার।
বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জনশক্তি রফতানি হ্রাস, দেশের রাজনৈতিক অস্থিরতা, বেসরকারি পর্যায়ে জনশক্তি রফতানিতে অনীহা, সর্বোপরি সরকারের কূটনৈতিক ব্যর্থতায় রেমিট্যান্সে নেতিবাচক ধারা চলছে। এছাড়া ডলারের বিপরীতে টাকা শক্তিশালী হওয়ায় প্রবাসীরা এখন আর আগের মতো অর্থ দেশে পাঠাচ্ছেন না। এতে রেমিট্যান্স প্রবাহ কমেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
[b]ঢাকা, ৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]