বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লাল পাসপোর্ট দেওয়ার দাবি করেছেন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ।
মঙ্গলবার রাজধানীর বিয়াম মিলনায়তনে সিআইপি কার্ড ২০১৩ বিতরণ অনুষ্ঠানে তিনি এ দাবি জানান।
এ ছাড়াও সিআইপি হিসেবে যেসব সুবিধার কথা বলা হয়েছে তা যেন তারা পান সে বিষয়টি নিশ্চিত করতে হবে।
এ সময় এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে ব্যবসায়ীরা দেশকে স্বয়ংসম্পূর্ণ করার পাশাপাশি বিশ্বের সামনে তুলে ধরছেন।
এ জন্য তাদের কাজের স্বীকৃতি ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিতে হবে। কেবল এমপিদের নয়, শিল্পপতিদেরও রেড পাসপোর্ট দিতে হবে।
উল্লেখ্য, বেসরকারি খাতে শিল্প স্থাপন, পণ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় আয় বৃদ্ধিসহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি (শিল্প) কার্ড পেয়েছেন ৫৪ উদ্যোক্তা।
সাত ক্যাটাগরির মধ্যে সিআইপি বৃহৎ শিল্প থেকে ২১ জন, সিআইপি মাঝারী শিল্প থেকে ১০ জন, সিআইপি ক্ষুদ্র শিল্প থেকে ৫ জন, সিআইপি মাইক্রো শিল্প থেকে ১ জন, কুটির শিল্প থেকে ১ জন, সেবা শিল্প থেকে ৫ জন ব্যক্তি এবং পদাধিকার বলে ১১ জন সিআইপি কার্ড এরজন্য মনোনীত হন।
সিআইপিরা (শিল্প) প্রাপ্তরা এক বছর মেয়াদকাল পর্যন্ত সচিবালয়ের প্রবেশপত্র হিসেবে ব্যবহার করতে পারবেন। এ ছাড়া বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে এবং সিটি করপোরেশন কর্তৃক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ পাবেন, ব্যবসা সংক্রান্ত ভ্রমণের সময় বিমান, ট্রেন, সড়ক ও জলপথে সরকারি যানবাহনে আসন সংরক্ষণের অগ্রাধিকার, ভিসার ক্ষেত্রে তার অনুকূলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের লেটার অব ইন্ট্রোডাকশন পাওয়া, নিজ পরিবারের জন্য সরকারি হাসপাতালে কেবিন সুবিধা প্রাপ্তিতে অগ্রাধিকার, বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ-২ ব্যবহারের সুবিধা এবং মেয়াদকালীন সরকারের শিল্প বিষয়ক নীতিনির্ধারণী কোনো কমিটির সদস্য হওয়ার সুযোগ পাবেন সিআইপিরা। কার্ড ইস্যুর তারিখ থেকে পরবর্তী এক বছর সিআইপি হিসেবে এ সব বিশেষ সুবিধা ভোগ করবেন তারা।
[b]ঢাকা, ১১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]