প্রস্তাবিত ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে নারী উন্নয়নে ১০০ কোটি টাকার থোক বরাদ্দ রাখা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশকালে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত একথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে হলে মোট জনসংখ্যার অর্ধেক, পশ্চাৎপদ গোষ্ঠী অর্থাৎ নারীদের এগিয়ে নিয়ে যেতে হবে।
আগের মত এবারেও ৪০টি মন্ত্রণালয়ের জন্য জেন্ডার বাজেট প্রণয়ন করা হয়েছে। রাষ্ট্র ও জনজীবনের সকল ক্ষেত্রে নারীর অধিকার প্রতিষ্ঠা এবং সকল প্রকার বৈষম্য দূরীকরণের লক্ষ্যে আমরা গত মেয়াদে বেশ ক’টি যুগান্তকারী আইন ও নীতিমালা প্রণয়ন করেছি।
একই সঙ্গে জাতীয় অর্থনীতিতে নারীকে সম্পৃক্ত করার লক্ষ্যে আমরা শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেন তিনি।
এদিকে ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য ১০০ কোটি টাকা থোক বরাদ্দ অব্যাহত রাখায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং সরকারকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই)।
পাশাপাশি নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন জোরালো করার লক্ষ্যে সংশোধিত বাজেটে ৫টি প্রস্তাব অন্তর্ভুক্তির সুপারিশ করেছে সংগঠনটি।
প্রস্তাবের মধ্যে রয়েছে: নারীদের জন্য ব্যক্তিগত আয়করসীমা ৩ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ, অর্থনৈতিক অঞ্চলগুলোতে নারী উদ্যোক্তাদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ, আন্তর্জাতিক বাণিজ্য মেলাগুলোতে নারী উদ্যোক্তাদের জন্য বিনামূল্যে রেজিস্ট্রেশন, পৃথক নারী উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা প্রণয়ন এবং নারী উদ্যোক্তাদের জন্য ব্যাংক ঋণের ক্ষেত্রে একক সংখ্যার সুদের হার নির্ধারণ।
এসব পদক্ষেপ নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও দেশের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আশাবাদী বিডব্লিউসিসিআই।
[b]ঢাকা, ৫ জুন (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]