আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চলমান ‘বর্ধিত ঋণ সহায়তা’র (ইসিএফ) মেয়াদ বাড়ানো হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রোববার সচিবালয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চলমান ‘বর্ধিত ঋণ সহায়তা’র (ইসিএফ) মেয়াদ বাড়ানো হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) পরিচালনা পর্ষদ সদস্যদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এডিবির পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংস্থার নির্বাহী পরিচালক মালিয়ামি বিন হামাদ। প্রতিনিধি দলটি ঢাকায় এসেছে শনিবার এবং আগামী বুধবার পর্যন্ত তারা বাংলাদেশে থাকবে।

বর্তমানে ঢাকা সফররত আইএমএফের প্রতিনিধি দলের সফরের বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, তারা ইসিএফের মেয়াদ বাড়াতে চাইছে। কিন্ত এর মেয়াদ বাড়ানো হবে না বলে আমি তাদের জানিয়ে দিয়েছি। তবে আগামীতে অন্য কোনো বিষয়ে চুক্তি হতে পারে।

চলমান ইসিএফ সহায়তার কিস্তির অর্থ ছাড়ের ক্ষেত্রে আইএমএফ ভ্যাট আইনের সংস্কার নিয়ে প্রশ্নে তিনি বলেন, ‘ইসিএফ সহায়তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তবু তারা এটা নিয়ে কথা বলছে।’

‘এক্ষেত্রে চলমান ইসিএফ সহায়তার অবশিষ্ট দুই কিস্তির অর্থ পেতে কোন সমস্যা হবে কিনা’ জানতে চাইলে তিনি বলেন, ‘না, এটা তো তারা দেবেই।’

এডিবির সঙ্গে বৈঠক প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এ ধরনের সফরে তারা বিভিন্ন বিষয় রিভিউ করে থাকে। বৈঠকে চলমান প্রকল্পগুলো নিয়ে আলোচনার পাশাপাশি দ্বি-পাক্ষিক বিভিন্ন বিষয় যেমন চলমান নীতি, ভবিষ্যত নীতি ও ঝুঁকি ইত্যাদি নিয়েও আলোচনা হয়েছে।

তিনি বলেন, এডিবি বলেছে, বাংলাদেশ সরকার বেসরকারি খাতকে প্রাধান্য দিচ্ছে। কিন্তু এ খাতে তেমন বিনিয়োগ হচ্ছে না। আর মধ্য আয়ের দেশে উন্নীত হওয়ার জন্য শুধু মাথাপিছু আয়ই যথেষ্ট নয়, আরও অনেক বিষয়ে জোর দিতে হবে

প্রসঙ্গক্রমে তিনি বলেন, দীর্ঘদিন ধরে আমরা ৬ শতাংশ প্রবৃদ্ধির মধ্যে ঘুরপাক খাচ্ছি। এখান থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে।

চলমান হরতাল নিয়ে এডিবির প্রতিনিধিদের সঙ্গে কোন আলোচনা হয়েছে কিনা-জানতে চাইলে মুহিত বলেন, ‘কীসের হরতাল? আপনারা দেখছেন না, কী হরতাল হচ্ছে।’

প্রসঙ্গক্রমে অর্থমন্ত্রী জানান, চীন ও জাপানের মতো ভারতের জন্যও দেশে বিশেষ অর্থনৈতিক জোন স্থাপন করা হতে পারে। এ নিয়ে ভারতের সঙ্গে আলোচনা চলছে। যদি তারা বড় ধরনের বিনিয়োগে সম্মত হয় তাহলে এটা হতে পারে। তবে কোনটির-ই স্থান এখনও নির্ধারিত হয়নি।

ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর