ইতালির উপকূলীয় দীপপুঞ্জ সিসিলির রাজধানী পালার্মোর মেয়র সিনেটর লিওলুকা অরল্যান্ডোর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে পালার্মো শহরের বেকার তরুণদের জন্য সামাজিক ব্যবসা চালুর আগ্রহ প্রকাশ করেন মেয়র।
এসময় পালার্মো মেয়র স্থানীয় মাফিয়াদের কাছে আদায় করা অর্থ কাজে লাগিয়ে যৌথভাবে নারী এবং পুরুষদের জন্য সামাজিক ব্যবসার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। ইতোমধ্যেই তিনি সামাজিক ব্যবসার বিষয়ে বিস্তারিত জেনেছেন বলেও জানান।
আলোচনা সভায় মিউনিসিপাল কাউন্সিল প্রেসিডেন্ট সালভাতোরে অরল্যান্ডো, সাংস্কৃতিক কাউন্সিলর অ্যাডহামা দারাওসাও উপস্থিত ছিলেন।
মেয়রের সঙ্গে সাক্ষাৎকালে অন্তত ৫০ বাংলাদেশি ড. ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে আসেন। স্থানীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের নির্বাচিত তিন বাংলাদেশি কাউন্সিলর।
এসময় পালার্মোতে সবচেয়ে বড় বিদেশি কমিউনিটি হিসেবে বাংলাদেশের নাম ঘোষণা করেন মেয়র। এর আগে এ স্থান দখল করে ছিলো ভারতের তামিল অধিবাসীরা।
ইতালির স্বায়ত্তশাসিত সিসিলি দ্বীপ ও পালার্মো এলাকার রাজধানী শহর পালার্মোর ২১ সিটি কাউন্সিলরের মধ্যে তিনজনই বাংলাদেশি বলেও জানান মেয়র।
এদিকে ড. ইউনূসের পালার্মো সফরকারে তার সঙ্গে এক সম্মানসূচক ডিগ্রির বিষয়ে আগ্রহ প্রকাশ করে পালার্মো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ এর প্রায় ৫০ হাজার শিক্ষার্থী। এছাড়া রেকট্রো ইউনিভার্সিটিও পালার্মোর সামাজিক ব্যবসায় তাদের শিক্ষার্থী এবং ফ্যাকাল্টি মেম্বারদের যুক্ত করার প্রস্তাব করেন। এসময় ড. ইউনূস ফ্যাকাল্টি মেম্বারদের সঙ্গে এক মধ্যাহ্ন ভোজে অংশ নেন।
ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





