বড় অঙ্কের রাজস্ব আদায়ের লক্ষ্য নিয়ে আগামী ১৬ সেপ্টেম্বর দেশব্যাপী শুরু হচ্ছে জাতীয় আয়কর মেলা। সব বিভাগীয় ও জেলা শহরসহ রাজধানী ঢাকায় সাত দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে ইতোমধ্যেই সব প্রস্তুতি নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।

এনবিআর সূত্র জানায়, গত কয়েক বছরের আয়কর মেলার সফলতায় এবার কর আদায়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে এনবিআর। গত আয়কর মেলায় এক হাজার ১০০ কোটি টাকা আয় হওয়ায় এবার এনবিআর আশা করছে ১ হাজার ৩০০ কোটি টাকা হতে পারে। তবে ইতোমধ্যে সেরা কর প্র্রদানে পুরস্কার 'ট্যাক্স কার্ড' প্রাপ্ত ৪০ জন করদাতার নাম চূড়ান্ত করা হয়েছে।

এনবিআর সূত্র জানায়, চলতি বছর রাজস্ব আদায়ে আয়কর খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। এ খাতে সর্বোচ্চ ৫৭ হাজার ৫০০ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। তাই আয়কর মেলা উপলক্ষে এখাত থেকে বিশাল অঙ্কের রাজস্ব আহরণের পরিকল্পনা নিচ্ছে এনবিআর।

এ বিষয়ে কর্মকৌশল নির্ধারণে এনবিআরের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন মহলে একাধিকবার বৈঠকও হয়েছে। বৈঠকে মেলা উপলক্ষে করদাতারা যাতে কোনো ধরনের হয়রানি শিকার না হন ও নির্বিঘ্নে কর পরিশোধ করতে পারেন সে জন্য সবোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়েছে।

ঢাকা, ২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর