কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, মোট দেশজ উৎপাদনের প্রায় এক চতুর্থাংশই এসএমই খাতের অবদান। দেশের বিভিন্ন প্রান্তের ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগই হালে বদলে দিচ্ছে আমাদের অর্থনীতির চেহারা। শনিবার দৃক গ্যালারিতে ব্র্যাক ব্যাংক আয়োজিত এসএমই ফটোগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গভর্নর এসব কথা বলেন।
আতিউর বলেন, চলতি বছরের এসএমই ঋণের লক্ষ্যমাত্রা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো গত বছরের চেয়ে ২০ শতাংশ বৃদ্ধি করে ৮৯ হাজার কোটি টাকা নির্ধারণ করেছে। এসএমই ঋণ যাতে বড়ো উদ্যোক্তাদের মাঝে কেন্দ্রীভূত না হয়, সেজন্য ব্যাংকগুলোকে এসএমই ঋণের ৬০ শতাংশ ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে বিতরণের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।
গভর্নর বলেন, গত বছরের শেষ দিকের রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির শিকারে ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের বাস্তব অবস্থা বিবেচনায় এসএমই খাতের ঋন পুনঃতফসিল ও পুনর্গঠনের বিষয়ে নীতি-নমনীয়তা দেখানো হয়েছে। সম্প্রতি নতুন উদ্যোক্তাদের জন্য ১০০ কোটি টাকার আরেকটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়েছে। এসএমই খাতের পুনঃঅর্থায়ন তহবিলের ১৫ শতাংশ অর্থ নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। ক্ষুদ্র নারী উদ্যোক্তারা গ্রুপ গঠন করে ৫০ হাজার টাকা বা তার বেশি অঙ্কের ঋণ নিতে পারছেন। নারী উদ্যোক্তারা এখন সহায়ক জামানত ছাড়াই ২৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারছেন বলে জানান তিনি।
ড. আতিউর রহমান বলেন, এসএমই’র আওতায় আগে ল্যাপটপ কিনতে ২০ শতাংশ ঋণ দেওয়া হতো। ব্যক্তিগত থাকত ৮০ শতাংশ। আমরা বিষয়টি উল্টে দিয়েছি। এখন ব্যাংক থেকে ঋণ দেওয়া হয় ৮০ শতাংশ আর ব্যক্তিগত ২০ শতাংশ। ল্যাপটপের সঙ্গে ক্যামেরা কিনতেও ব্যাংকগুলোকে উৎসাহিত করতে বলেন তিনি।
ব্র্যাক ব্যাংক আয়োজিত এসএমই ফটোগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক ব্যাংকের যোগাযোগ শাখার প্রধান জিশান কিংশুক হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগের মহাব্যবস্থাপক মাসুম পাটোয়ারী, ব্র্যাক ব্যাংকের মহাব্যবস্থাপক সৈয়দ মাহবুবুর রহমান, প্রতিযোগিতার জুরি বোর্ডেও সদস্য ও ফটোগ্রাফার আনোয়ার হোসেন প্রমুখ।
ফটোগ্রাফি প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পান নাজমুল হোসেন নিশাদ। বরিশালের একটি পোল্টিফার্মের ফটো-স্টোরি তৈরি করে তিনি এ পুরস্কার পান। মোট ২৪টি প্রজেক্টের মধ্যে ১২ জন প্রতিযোগীর ছবি নিয়ে এ ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করা হয়।
[b]ঢাকা, ১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
ক্ষুদ্র উদ্যোগই বদলে দিচ্ছে অর্থনীতির চেহারা: গভর্নর
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, মোট দেশজ উৎপাদনের প্রায় এক চতুর্থাংশই এসএমই খাতের অবদান। দেশের বিভিন্ন প্রান্তের ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগই হালে বদলে দিচ্ছে আমাদের অর্থনীতির চেহারা।





