অনেক অপেক্ষার পর পুঁজিবাজারে আজ থেকে প্রথম লেনদেন শুরু করছে ফার কেমিক্যাল। মঙ্গলবার থেকে রসায়ন ও ঔষধখাতের এ প্রতিষ্ঠানটি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একসঙ্গে লেনদেন শুরু করবে বলে জানিয়েছে ডিএসই।

জানা যায়, গত ১৯ মে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ৭৭১তম পরিচালনা পরিষদ সভায় ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজকে পুঁজিবাজারের তালিকাভুক্ত করার জন্য অনুমোদন দেওয়া হয়। অনুমোদনের পর পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে মূলধন সংগ্রহ করে এ কোম্পানি। বিনিয়োগকারীদের বিও হিসাবে শেয়ার হস্তান্তর করে লেনদেনের জন্য অপেক্ষায় থাকে।

কিন্তু কোম্পানির দুই পরিচালকের ফৌজদারি অপরাধের তথ্য গোপন করায় লেনদেন আটকে দেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা-বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। এজন্য ফার কেমিক্যাল ও ইস্যু ম্যানেজারকে দেওয়া হয় কারণ দর্শানোর নোটিশ। একই দিনে চারটি দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে শেয়ার হোল্ডারদের জানানো হয়। সে অনুযায়ী বিজ্ঞাপনও দেয় প্রতিষ্ঠানটি।

তারপরেও দীর্ঘ দেড়মাস অপক্ষোয় থাকতে হয় তাদের। তবে প্রতিষ্ঠান এবং ইস্যুম্যানেজারের বিরুদ্ধে রিপোর্ট লেখা পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

এদিকে ফার কেমিক্যাল তাদের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি বছরের মার্চ মাসে শেষ হওয়া প্রথম প্রান্তিক (জানু’-মার্চ’১৪) আইপিও পূর্ববর্তী প্রতিষ্ঠানটির কর পরবর্তী মুনাফা হয়েছে ৬ কোটি ৬ লাখ ৩০ হাজার টাকা। শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৭৭ টাকা। যা গত বছরের একই সময়ে মুনাফা ছিল ৭ কোটি ১৯ লাখ ৬০ হাজার টাকা ও ইপিএস ০.৯১ টাকা।

ইপিএস হিসাব করা হয়েছে আইপিও’র আগে ৭ কোটি ৯০ লাখ ৩১ হাজার ৫৬৫টি শেয়ারের হিসাবে। আইপিও’র পর ৯ কোটি ১০ লাখ ৩১ হাজার ৫৬৫টি শেয়ারের হিসাবে ইপিএস ০.৬৭ টাকা হবে বলে ডিএসই সূত্রে জানা গেছে।

ঢাকা, ৮ জুলাই (টা্ইমনিউজবিডি.কম)//এসএইচ