চলতি বছরের মার্চে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রাজস্ব আদায় ফেব্রুয়ারির চেয়ে ৩ কোটি ৬৫ লাখ টাকা কমেছে।
মার্চে ডিএসইতে মোট রাজস্ব আয় হয় ১০ কোটি ৭৪ লাখ ৭৬ হাজার ১২২ টাকা। ফেব্রুয়ারিতে এর পরিমাণ ছিল ১৪ কোটি ৪০ লাখ ৭৩ হাজার ৬৯৯ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
পুঁজিবাজার সংশ্লিষ্টদের মতে, মার্চ মাসে ডিএসইর সদস্য কোম্পানিগুলো ভালো ব্যবসা করতে না পারায় তা রাজস্ব আদায়ে প্রভাব ফেলেছে।
মার্চে ডিএসইর সদস্য প্রতিষ্ঠানের কাছ থেকে আয় করেছে ৭ কোটি ৩০ লাখ ১৮ হাজার ৭২৫ টাকা। যা ফেব্রুয়ারিতে ছিল ১০ কোটি ৯৬ লাখ ১৬ হাজার ৩০২ টাকা। তবে  জানুয়ারিতে এই রাজস্ব  ১২ কোটি ৫২ লাখ ৬৩ হাজার  ৩৪৫ টাকা ছিল।
তবে মার্চে প্লেসমেন্ট শেয়ারের রাজস্ব আদায় বেড়েছে। ডিএসই মার্চে প্লেসমেন্ট শেয়ারের রাজস্ব আদায় করেছে ৩ কোটি ৪৪ লাখ ৫৭ হাজার ৩৯৭ টাকা। যা ফেব্রুয়ারিতে  ছিল ৩ কোটি ৪১ লাখ ৭৯ হাজার ৩২০ টাকা। আর জানুয়ারিতে ছিল এক কোটি ৩৯ লাখ ৪৫ হাজার  ১৬৮ টাকা।
আয়কর অধ্যাদেশ ১৯৮৪, ধারা ৫৩ এর আওতায় ডিএসই মার্চ মাসে সদস্য ব্রোকারেজ হাউজের কাছ থেকে এই রাজস্ব আদায় করেছে।
[b]ঢাকা, ৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]