ফের পুরোদমে কার্যক্রম শুরু করতে যাচ্ছে আরডিপি ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট এমসিএস লিমিটেড। অচিরেই বন্ধ শাখাগুলো চালুর মাধ্যমে গ্রাহকদের ভুল বোঝাবুঝি দূর করতে চায় প্রতিষ্ঠানটি।

আরডিপির ব্যবস্থাপনা কমিটির ভাইস প্রেসিডেন্ট নুরুল ইসলাম নূর মিয়া মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সমবায় প্রতিষ্ঠান আরডিপি গ্রাহকের টাকা নিয়ে ‘লাপাত্তা’ হয়েছে বিভিন্ন গণমাধ্যমে এমন সংবাদের পরিপ্রেক্ষিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রতিষ্ঠানটি।

লিখিত বক্তব্যে ব্যবস্থাপনা কমিটির ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘আরডিপিতে ১৫৩ কোটি টাকা সঞ্চয় ও আমানত রয়েছে। তার বিপরীতে মাঠপর্যায়ে বিনিয়োগ, জমি ক্রয় ও অফিস সরঞ্জামাদি অনেক বেশি রয়েছে। যা দিয়ে আমরা প্রত্যেক সদস্যকে টাকা ফেরত দিতে সক্ষম, ওয়াদাবদ্ধ ও বদ্ধপরিকর। দেশের বিভিন্ন অঞ্চলে ১২০টি মৎস্য খামার, ১৬টি দুগ্ধ খামার, ১৯টি কলাবাগান, ৪২টি প্রাক-প্রাথমিক শিক্ষাকেন্দ্র ও ৩৫টি আমবাগান রয়েছে।’

আরডিপির ব্যবস্থাপনা কমিটির কোষাধক্ষ মিজানুর রহমান বলেন, ‘দেশের ২৯টি জেলায় আরডিপির মোট ৬২টি শাখা রয়েছে। এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের হুমকি-ধমকি ও নির্যাতনসহ নানা কারণে বেশকিছু শাখা বন্ধ হয়ে যায়। বিভিন্ন শাখা বন্ধের ফলে আরডিপির আমানত ও সঞ্চয়কারী সদস্যরা দিশেহারা হয়ে পড়েন। বর্তমানে ৪৫টি শাখার কার্যক্রম রয়েছে।’ বাকী অফিস সমূহ খোলার প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরডিপির ব্যবস্থাপনা কমিটির প্রেসিডেন্ট মোছা. রুবিনা খান, সেক্রেটারি মো. নুরুল ইসলাম, নির্বাহী পরিচালক মামুন-অর-রশিদসহ উধ্বর্তনগণ উপস্থিত ছিলেন।

 

এমএ