ঈদুল আযহাকে সামনে রেখে রাজধানীতে প্রস্তুত গাবতলি পশুর হাট। এরই মধ্যে গাবতলী হাটে দেশী বিদেশী নানা জাতের গরুর পাশাপাশি আসতে শুরু করেছে উট, দুম্বা, ভেড়া।
বেচা কেনা সে অর্থে শুরু না হলেও ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় এবার গরুর সরবরাহ কম। তবে এখনও পুরোদমে প্রস্তুতি শুরু হয়নি রাজধানীর অস্থায়ী পশুর হাটের।
হরিণের মত লম্বা শিং বলেই হয়ত গরু হয়েও এর নাম হরিণী। ভারতের উত্তর প্রদেশের এ গরুটি এখন পর্যন্ত গাবতলী পশুর হাটের মূল আকর্ষণ। প্রতিটি হরিণী গরুর দাম হাকানো হচ্ছে ৩ থেকে ৬ লাখ টাকা পর্যন্ত। দৈহিক সোন্দর্যের কারণে ক্রেতাদের পছন্দের তালিকায় থাকবে গরুটিই। এমনটাই মনে করছেন এর বিক্রেতা।
গাবতলি পশুরহাটে আকর্ষনের কেন্দ্রে রয়েছে উটও। ভারত থেকে গত বছর নিয়ে আসা এসব উটের দাম হাকানো হচ্ছে ৭ থেকে ১০ লাখ টাকায়। গাবতলীতে দেখা মিলেছে দুম্বার। যাকে ঘিরে এখনই উৎসাহ দেখা গেল ক্রেতাদের। দাম পড়বে লাখ টাকা।
হরেক রকমের দেশী বিদেশী গরু নিয়ে ঈদুল আযহার জন্য প্রস্তুতি শুরু করেছে ব্যবসায়ীরা। হাটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট তারা। অন্যদিকে প্রস্তুতি চলছে রাজধানীর অস্থায়ী পশুর হাটগুলোতেও। তবে বিদ্যুৎ,পানি ও অবকাঠামো সংকটের অভিযোগ ইজারাদারদের।
জেআই,





