দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে আগস্টে রাজস্ব আহরণ বেড়েছে দ্বিগুণ। গত মাসে ডিএসইতে মোট রাজস্ব আহরণ হয় ২০ কোটি ১৪ লাখ টাকা, যা জুলাইয়ে ছিল ৬ কোটি ৫২ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর জমা দেয়া রাজস্ব দুটি খাত থেকে সংগ্রহ হয়। খাত দুটি হচ্ছে-ডিএসইর সদস্য কোম্পানি বা ব্রোকারেজ হাউস এবং উদ্যোক্তা-পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রি বাবদ।
আগস্টে ডিএসইর সদস্য ব্রোকার থেকে রাজস্ব আহরণ হয়েছে ১২ কোটি ৬৫ লাখ ৮৭ হাজার টাকা, যা আগের মাসে ছিল ৪ কোটি ১১ লাখ ৫৬ হাজার টাকা। অন্যদিকে উদ্যোক্তা-পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রি বাবদ রাজস্ব আহরণ হয়েছে ৭ কোটি ৪৮ লাখ ১৯ হাজার টাকা, যা আগের বছর একই সময় ছিল ২ কোটি ৪০ লাখ ৫২ হাজার টাকা।
প্রসঙ্গত, ডিএসই থেকে ২০১৩-১৪ অর্থবছরে আহরিত রাজস্বের পরিমাণ ছিল ১৫৩ কোটি ৮৪ লাখ টাকা, যা আগের অর্থবছর ছিল ১২৭ কোটি ২৯ লাখ টাকা। এ সময় রাজস্ব বেড়েছে ২৬ কোটি ৫৫ লাখ টাকা।
সদ্য সমাপ্ত অর্থবছরে ১১২ কোটি ৫৩ লাখ টাকা লেনদেন থেকে রাজস্ব আহরিত হয়, যা আগের অর্থবছর ছিল ৮৫ কোটি ৭ লাখ টাকা। অন্যদিকে উদ্যোক্তা-পরিচালকদের কাছ থেকে ৪১ কোটি ৩১ লাখ টাকা আহরিত হয়, যা আগের অর্থবছর ছিল ৪১ কোটি ৫৮ লাখ টাকা।
২০১৩-১৪ অর্থবছরে ডিএসইতে সর্বোচ্চ ১ হাজার ২৯৪ কোটি ৬১ লাখ টাকার লেনদেন হয়, যা ছিল ২০১১ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ। অব্যাহত মন্দায় শেয়ারবাজার বিমুখ হয়ে পড়েছে বিনিয়োগকারীদের অনেকে।
ঢাকা, ৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর





