পুঁজিবাজারে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। সোমবার সংস্থাটির ঢাকা কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান সিএসইর চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ। পূর্ব ঘোষণা অনুযায়ী প্রতিমাসে দুইবার নিয়মিত সংবাদ সম্মেলনের অংশ হিসাবে প্রথমবারের মত এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আব্দুল মজিদ বলেন, ক্ষুদ্র মূলধন, গ্রোথ ও স্বলপমূলধনী কোম্পানিগুলোর জন্য বিকল্প বাজার তৈরি করবে সিএসই। এ বাজার থেকে মূলধন বৃদ্ধি করে পুঁজিবাজারের মূল বাজারে যাবে কোম্পানিগুলো। এতে পুঁজিবাজারের গভীরতা আরও বাড়বে বলে মনে করেন তিনি।

মজিদ বলেন, সিএসই এখন ডিমিউচ্যুয়ালাইজেশ স্টক এক্সচেঞ্জ। ডিমিউচ্যুয়ালাইজেশ স্টক এক্সচেঞ্জ হওয়ার ফলে অলাভজনক প্রতিষ্ঠান থেকে এখান লাভজনক প্রতিষ্ঠান সিএসই। এ জন্য শেয়ারহোল্ডারদের মুনাফা দেওয়ার বিষয়টি সম্পৃক্ত। যার ফলে সিএসই বিভিন্নভাবে আয় বাড়ানোর জন্য কাজ করতে হবে।

সিএসই চেয়ায়ম্যান বলেন, বাংলাদেশের পুঁজিবাজার বর্তমানে এক ক্রান্তিকাল অতিক্রম করছে। অর্থনীতির ব্যাপ্তি ও বলয় বিবেচনায় এই বাজারের যেমন রয়েছে কতিপয় সুনির্দিষ্ট সমস্যা ও লেনদেনের সীমাবদ্ধতা তেমনি আছে বিকাশের সম্ভাবনা। পুঁজিপ্রার্থী ও বিনিয়োগকারী, প্লাটফরম আর নিয়ন্ত্রক সংস্থার মধ্যে পারস্পরিক বোঝাপড়ার অবকাশ এবং প্রনোদনা মূলক পরিবেশ গড়ে উঠার আবশ্যকতাও অনস্বীকার্য।

অতি সংবেদনশীল পুঁজিবাজার যাতে বশংবদ অপব্যবহারের শিকার না হয়, এটি যাতে পরিচালিত হয় জবাবদিহি ও স্বচ্ছ পরিবেশে, আস্থা আসার জন্য যা জরুরী তা নিশ্চিত করতে প্লাটফরম হিসেবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ করনীয় কর্তব্য সম্পর্কে সজাগ।

তিনি বলেন, গণমাধ্যমের সাথে একটি নিয়মিত পাক্ষিক সংলাপে তথ্য উপাত্ত বিনিময়ের মাধ্যমে সেই অনুকূল পরিবেশ পারস্পরিক উপলব্ধি, পুঁজিবাজার জ্ঞান, নিয়ন্ত্রকদের মধ্যে সমন্বয় সাধনের উদ্দেশ্যেই এখন থেকে এই সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

এ সময়ে উপস্থিত ছিলেন সিএসই পরিচালক মহিউদ্দিন আহমেদ, নাসির উদ্দিন চৌধুরী, মঈনুল ইসলাম, অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক সাজিদ হোসাইন প্রমুখ।

ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এমআর