উত্তরপ্রদেশের একটি এটিএম বুথ থেকে অর্থ উত্তোলনের জন্য লম্বা লাইন লাগিয়ে দিয়েছেন ভারতের একটি ব্যাংকের গ্রাহকরা।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতের উত্তরপ্রদেশের অজিতনগর এলাকার একটি এটিএম বুথে গতকাল শনিবার যে পরিমাণ টাকা উত্তোলনের জন্য কমান্ড দেওয়া হচ্ছিল তার চেয়ে ৫ গুণ বেশি অর্থ পাওয়া যাচ্ছিল। অর্থাৎ ১০০ রুপি চাইলে বুথ থেকে পাওয়া গেছে ৫০০ রুপি; ৫০০ রুপি চাইলে পাওয়া গেছে ২৫০০ রুপি আর ১০০০ রুপি চাইলে পাওয়া গেছে ৫০০০ রুপি।
এই খবর ছড়িয়ে পড়ার পর ওই ব্যাংকের স্থানীয় গ্রাহকেরা ওই বুথের সামনে ভিড় জমান। এতে সেখানে লম্বা লাইন পড়ে যায়।
ওই প্রতিবেদনে জানানো হয়েছে, বুথ থেকে কমান্ডের ৫ গুণ বেশি অর্থ পাওয়া গেলেও অ্যাকাউন্ট থেকে কাঙ্ক্ষিত অর্থই কাটা হচ্ছিল।
এতে আরও জানানো হয়েছে, প্রায় ২০ জন গ্রাহক ওই এটিএম থেকে অতিরিক্ত অর্থ উত্তোলন করেছেন। এটিএম বুথে এমন সমস্যার তথ্য জানার পর এর ত্রুটি দূর করতে সেখানে ছুটে যায় সংশ্লিষ্ট ব্যাংকের টেকনিক্যাল টিম। এরপরই ওই এটিএম বুথে তালা লাগিয়ে দেয় ব্যাংক কর্তৃপক্ষ। এসময় বন্ধ এটিএম বুথ খুলে দেওয়ার দাবিতে সেখানেই ভিড় জমান গ্রাহকেরা।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির সুযোগে যারা অতিরিক্ত অর্থ উত্তোলন করেছেন তাদের বাড়তি অর্থ ফেরত নেওয়া হবে।
এমএ





