অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দারিদ্র্য নিরসন, শিক্ষা ও স্বাস্থ্য ইত্যাদিতে আমরা অনেক দূর এগিয়েছি। যেগুলো অর্জন করতে পারিনি সেগুলো এমডিজির পরবর্তী এজেন্ডায় যুক্ত হবে।
আশা করছি ২০৩০ সালের মধ্যে আমাদের যে লক্ষ্য রয়েছে, তা অর্জন করতে পারব। বাংলাদেশ মানসম্মত ও দক্ষতার সঙ্গে এমডিজি ব্যবস্থাপনা করতে পেরেছে। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলে (এমডিজি) অর্জন সন্তোষজনক বলে মন্তব্য করেন তিনি।
রোববার এনইসি সম্মেলন কক্ষে ‘মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল:বাংলাদেশ প্রগ্রেস রিপোর্ট ২০১৩’ প্রকাশ অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি।
মুহিত বলেন, আমরা বর্তমানে রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি ওভারকাম করতে পেরেছি।
এ সময় পরিকল্পনামন্ত্রী বলেন, এমডিজির অনেক ক্ষেত্রে আমরা বিশ্বের চেয়ে এগিয়ে রয়েছি। তারপরও দারিদ্র্য থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, যারা অতিদরিদ্র রয়েছে তাদের সেখান থেকে বের করে আনতে হবে। ২০৩০ সালের মধ্যে প্রত্যেক মানুষের ক্ষুধা দূর হবে।
ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর পাওলিন থামাসিস বলেন, বাংলাদেশ এমডিজি অর্জনে গোল মডেল। নীতিনির্ধারণসহ সাধারণ মানুষের জন্য এটি ভালো খবর। দারিদ্র্য নিরসন, প্রাথমিক শিক্ষা, মৃত্যুর হার কমানোসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অর্জন প্রশংসনীয়।
প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান বলেন, অর্থায়নের সমস্যা না থাকলে অনেক বেশি লক্ষ্য অর্জন করা সম্ভব ছিল। এমডিজি লক্ষ্য অর্জনে ফিসক্যাল পলিসি ও মনিটরিং পলিসি ব্যাপক ভূমিকা রেখেছে। তাছাড়া রেমিটেন্সের ভূমিকা অনেক। কেননা বাংলাদেশ ব্যাংকে সাত মাসের সমান রিজার্ভ রয়েছে, যা অর্থনীতির জন্য ভালো।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেন, এমডিজিতে আমাদের যেসব অর্জন হয়েছে সেগুলো ধরে রাখতে হবে। অর্থের সীমাবদ্ধতা সত্ত্বেও এ সব অর্জন প্রশংসনীয় ও সরকারের অন্যতম সাফল্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন- প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। প্রতিবেদনটি উপস্থাপনা করেন সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম। আরও উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মেজবাহ উদ্দীন, পরিকল্পনা সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সুরাইয়া বেগম এবং ভৌত অবকাঠামো বিভাগের সচিব আরাস্তু খান।
ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর





