রাজধানীর বাজারে চাল, পেঁয়াজ, আলু, আদা ও গরুর মাংসের দাম বেড়েছে। এছাড়া মসলার দরে ঊর্ধ্বগতি লক্ষ করা গেছে। গ্রীষ্মকালীন সবজির দামও চড়া। এই মূল্যবৃদ্ধি নিম্নবিত্ত এবং সীমিত আয়ের মানুষের কষ্ট বাড়িয়েছে।
শনিবার রাজধানীর একাধিক কাঁচাবাজার ঘুরে এ চিত্র পাওয়া গেছে। বাজার ঘুরে দেখা গেছে, সব ধরনের চালের দাম গত এক সপ্তাহে কেজিতে এক-দুই টাকা বেড়েছে। মানভেদে নাজিরশাইল চাল বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫০ থেকে ৫৫ টাকায়। দুই সপ্তাহের ব্যবধানে এই চালের দাম বেড়েছে কেজিতে এক টাকা।
নতুন মিনিকেট চাল এখনো পুরোদমে বাজারে আসেনি। নতুন মিনিকেট প্রতি কেজি ৫০-৫১ টাকায় বিক্রি হচ্ছে। পুরোনো মিনিকেট ৪৩ থেকে ৪৭ টাকায় বিক্রি হচ্ছে। স্বর্ণা ও পারিজাত, ব্রি-২৮-এর মতো মোটা চালের দাম ৩৩ থেকে ৩৮ টাকার মধ্যে। এসব চালের দাম দুই সপ্তাহের ব্যবধানে কেজিতে এক টাকা করে বেড়েছে।
ব্যবসায়ীরা জানান, নতুন চাল পুরোপুরি বাজারে আসতে আরও এক মাস লাগবে। তাই চলতি মাসে চালের দাম কমার সম্ভাবনা কম।
ভালো মানের দেশি পেঁয়াজের কেজি ৩৫ থেকে ৩৮ টাকা। আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ টাকায়। গত সপ্তাহেও এসব পেঁয়াজের দাম কেজিতে এক থেকে তিন টাকা পর্যন্ত কম ছিল।
একই সময়ে আলুর দাম কেজিতে দুই-তিন টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ১৭-১৮ টাকা। তবে আদার দামের ঊর্ধ্বগতি থামছে না।
এক মাসের ব্যবধানে দেশি ও বিদেশি দুই ধরনের আদার দাম কেজিপ্রতি ৫০ থেকে ৬০ টাকা বেড়েছে। আমদানি করা আদা বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৪০ টাকা কেজি। দেশি আদা বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা।
এদিকে রাজধানীর কাঁচাবাজারে বেড়েছে গরুর মাংসের দাম। গরুর মাংস বিক্রেতারা বলছেন, ‘গরুর দাম বেড়ে যাওয়ার কারণে মাংসের দাম বেড়েছে।’
বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে বাজারে প্রতি কেজি গরুর মাংস ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু গত সপ্তাহেও প্রতি কেজি মাংস ২৭০ থেকে ২৮০ টাকায় বিক্রি হয়।
বাজারে অন্য মাংসের মধ্যে প্রতি কেজি খাসির মাংস ৪৫০-৫০০ টাকা, ফার্মের মুরগী ১৫০ টাকা ও দেশি মুরগি ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া ফার্মের মুরগির ডিম প্রতি হালি ২৮ টাকা ও হাঁসের ডিম ৩৫-৪০ টাকায় (বাজারভেদে) বিক্রি হচ্ছে।
এছাড়া বাজারে বাড়ছে সবধরনের মসলাপাতির দাম। বৈশাখ মাসে ঘরে ঘরে নানা পদের আচার তৈরির কারণে এর দর বাড়ছে বলে জানালেন বিক্রেতারা।
কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, আচার বানানোর প্রধান উপকরণ সরিষা, সরিষার তেল, পাঁচ ফোড়ন, রাঁধুনী এসব মসলার দাম আগের দুই সপ্তাহের তুলনায় কেজি প্রতি বেড়েছে ২০ থেকে ২৫ টাকা। এছাড়া বাজারভেদে সরিষার তেলের দাম লিটার প্রতি বেড়েছে ৫ থেকে ৭টাকা।[b]
ঢাকা, ১০ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]