বজ্রপাতে আগুন লেগে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার নিজস্ব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সাবস্টেশনের সব ইউনিট একযোগে বন্ধ হয়ে গেছে।
রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। কারখানার প্রকৌশলীরা মেরামত কাজ শুরু করেছেন। তবে পুনরায় বিদ্যুৎ উৎপাদনে আসতে এক দিন ও সার উৎপাদন শুরু হতে দুই দিন সময় লাগতে পারে।
কারখানার মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী মো. ওমর খৈয়াম জানান, কারখানার নিজস্ব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। সন্ধ্যায় বজ্রপাতের কারণে সাবস্টেশনে আগুন ধরে যায়।
তাৎক্ষণিকভাবে নিজস্ব ফায়ার সার্ভিস বিভাগ আগুন নিয়ন্ত্রণে আনলেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় কারখানার সব প্লান্ট (অ্যামোনিয়া, সিওটু, ইউটিলিটি, ওয়াটার প্লান্ট) একযোগে বন্ধ হয়ে যায়।তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি।
কারখানার নিজস্ব প্রকৌশলীরা ইতোমধ্যেই মেরামত কাজ শুরু করেছেন। রাতের মধ্যেই সাবস্টেশন মেরামতের কাজ সম্পন্ন এবং নিজস্ব বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ শুরু হবে। তবে কারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু হতে দুই দিন সময় লাগতে পারে।
এমকে





