উন্নত দেশগুলোতে শুল্কমুক্ত সুবিধা পাওয়ার জন্য বালি প্যাকেজ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধার: প্রেক্ষিত এশিয়া’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনে সভাপতির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এ দাবি জানান। ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স-বাংলাদেশ (আইসিসিবি) এ অনুষ্ঠানের আয়োজন করে।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বালি চুক্তি অনুযায়ী বাংলাদেশ উন্নত দেশগুলোতে শুল্কমুক্ত সুবিধা পাওয়ার কথা। কিন্তু চুক্তি বাস্তবায়িত না হওয়ায় সুবিধাটি বাংলাদেশ পাচ্ছে না। যদিও কয়েকটি দেশ যেমন- অস্ট্রেলিয়া, জাপান ও কোরিয়ার কাছ থেকে শুল্কমুক্ত সুবিধা পাওয়া যাচ্ছে।’
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেন, ‘২০০৮-০৯ অর্থবছরে বিশ্ব অর্থনীতিতে যে মন্দা দেখা দিয়েছিলো তা এশিয়ার দিকে দ্রুত ধাবিত হলেও বাণিজ্য ও আর্থিক চ্যানেলগুলোর সমন্বিত প্রচেষ্টার কারণে তার প্রভাব পড়েনি। তবে উত্তর আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নেওয়ার প্রবণতা এ মন্দাকে তীব্রতর করে তোলে।’
গভর্নর বলেন, ‘উত্তর আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর বেকারত্ব বৃদ্ধি তাদের রপ্তানি খাতকে দুর্বল করে। অপরদিকে এশিয়া অঞ্চলকে উৎপাদনের অঞ্চল হিসেবে প্রস্তুত করে। তবে এশীয় অঞ্চলের পর্যটন কেন্দ্রগুলোর জনপ্রিয়তা কমে যাওয়ায় প্রবাসী শ্রমিকদের বেতন ও চাকরির সুযোগ কমে গেছে, যা আমাদের বৈদেশিক আয়ে বেশ প্রভাব ফেলেছে।’
বিশ্বমন্দা কাটিয়ে এশীয় অঞ্চলের দেশগলোর সহযোগিতার সমন্বিত শক্তিকে আরও শক্তিশালী করতে গভর্নর কিছু সুপারিশ উপস্থাপন করেন।
এর মধ্যে রয়েছে- এশিয়ার দেশগুলোর অভ্যন্তরীণ রপ্তানি বাড়ানো, সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের বন্ড মার্কেটের উন্নয়ন, আঞ্চলিক সংলাপের মাধ্যমে উন্নত অর্থনৈতিক দেশগুলোর ব্যবসায়িক আওতা বাড়ানো এবং বিশ্বঅর্থনীতি স্থিতিশীল করতে জাতিসংঘ, আইএমএফ, বিশ্বব্যাংক ও অন্যান্য বিশ্ব সংস্থার কাছে নতুন আর্থিক পরিকল্পনা তুলে ধরা।
সম্মেলনে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নেপালের বাণিজ্য ও সরবরাহমন্ত্রী সুনীল বাহাদুর থাপা, আইসিসি মহাসচিব জন ড্যানিলোভিচ, আইএফসির বাংলাদেশ প্রতিনিধি কাইল কালিফার, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম প্রমুখ।
ঢাকা, ২৬ অক্টোবর, টাইমনিউজবিডি.কম, এসএমআর





