দেশের উভয় শেয়ারবাজারে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন। এ দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৬৫১ কোটি টাকা। যা ৬৬ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। এদিকে ঈদ ছুটির পর মূল্য সুচকের পাশাপাশি ক্রমেই বাড়ছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।
বুধবার দিনশেষে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৪৮৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৪টির, কমেছে ৯৩টির আর অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ার দর। যা টাকার অংকে লেনদেন হয়েছে ৬৫১ কোটি ৮০ লাখ টাকা।
এদিন সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মবিল যমুনা বাংলাদেশ লিমিটেডের (এমজেএলবিডি) শেয়ার। দিনশেষে এ কোম্পানির ৮৪ লাখ ৭১ হাজার ৮০০টি শেয়ার ৭৬ কোটি ১২ লাখ ৭৫ হাজার ৮০০ টাকায় লেনদেন হয়েছে।
এর আগে মঙ্গলবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৪৭২ পয়েন্টে। ওইদিন লেনদেন হয় ৪৯১ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার সে হিসেবে বুধবার লেনদেন বেড়েছে ১৫৯ কোটি ৯৪ লাখ টাকা।
দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৪৯৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ৮৪টির আর অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ার দর। যা টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৪৪ কোটি ৮১ লাখ টাকা।
এর আগে মঙ্গলবার সিএসইতে লেনদেন হয়েছিল ৩৬ কোটি ৬০ লাখ টাকা। সে হিসেবে বুধবার সিএসইতে লেনদেন বেড়েছে ৮ কোটি ২১ লাখ টাকা।
ঢাকা, ৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এমআর





