আবারও দেশের বাজারে বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। প্রতি ভরি স্বর্ণে ১ হাজার ১৬৬ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বুধবার (১৯ ফেব্রুয়ারি) থেকে এক ভরি স্বর্ণ কিনতে ক্রেতাদের খরচ করতে হবে সাড়ে ৬১ হাজার টাকা।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এই সিদ্ধান্ত নিয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, টাকার বিপরীতে ডলারের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে স্বর্ণের দাম বেড়ে গেছে। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সর্বশেষ গত ৫ জানুয়ারি স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। এছাড়া গত বছরের জুলাই, আগস্ট, নভেম্বর ও ডিসেম্বরে মোট চার দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়।
বাজুসের ঘোষণা অনুযায়ী, বুধবার (১৯ ফেব্রুয়ারি) থেকে সবচেয়ে ভালোমানের স্বর্ণ বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম হবে ৬১ হাজার ৫২৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫৯ হাজার ১৯৪ এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫৪ হাজার ১৭৯ টাকায় বিক্রি হবে।
এই ৩ মানের স্বর্ণের দামই ভরিপ্রতি ১ হাজার ১৬৬ টাকা বাড়ানো হলো।
আর সনাতন পদ্ধতিতে স্বর্ণের দাম ৪১ হাজার ৪০৭ টাকা এবং ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে আগের দামেই (৯৩৩ টাকা)।
এমবি





