আসছে অর্থবছরের বাজেটে ভ্যাট বা মূল্য সংযোজন করের সমতা চান সেবাখাতের ব্যবসায়ীরা।

ব্যবসায়ীগণ বলেন, ব্যবসায়ীরা ভ্যাট দিতে চান, তবে বৈষম্যের শিকার হতে চান না। একটি বাস্তবায়নযোগ্য বাজেটের জন্য এই বৈষম্য দূর করা জরুরি।

দেশের সেবাখাতের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে ২০১৬-১৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভায় ব্যবসায়ী নেতারা এ দাবি তোলেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ খাতের ব্যবসায়ীরা বলেন, তারা শুল্ক বৈষম্যের শিকার। এই বৈষম্য দূর করা প্রয়োজন। তাদের যতটুকু ভ্যালু অ্যাড হয়, ততটুকু ভ্যাট দিতে চান।

সভায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সভাপতি মাতলুব আহমদ বলেন, ব্যবসায়ীরা ভ্যাটের সমতা চাচ্ছেন। এ ছাড়া বন্ড মিস ইউজের কারণে ব্যবসায়ীরা নাভার্স। তারা ঠিকমতো ব্যবসা করতে পারছেন না।

বাংলাদেশ পেপার ইম্পোটার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলমগীর হক বলেন, পৃথিবীর অন্যান্য দেশে কাগজের শুল্ক সর্বোচ্চ ২৫ শতাংশ দিতে হয়। অথচ তাদের সকল শুল্ক মিলে ৬২ শতাংশ দিতে হয়। এ সময় তিনি কাগজ ও কাগজের বোর্ডের শুল্ক ৫ শতাংশ হারে নির্ধারণের অনুরোধ জানান।

সভায় মানি চেঞ্জ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষ থেকে অর্থ বিনিময়কারী প্রতিষ্ঠান হিসেবে ৩০ শতাংশ মূল্য ভিক্তি নির্ধাণের মাধ্যমে ৪.৫ শতাংশ মূসক ধার্য করার প্রস্তাব করা হয়

বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান তোফায়েল খান বলেন, মুদ্রণ শিল্প উদ্যোক্তাদের মধ্যে আনুমানিক ৩০ শতাংশ ভ্যাট ও আয়কর দেয়। বাকি ৭০ শতাংশ দেয় না। তাদের ভ্যাটের আ্ওতায় আনতে হবে।

প্রাক বাজেট আলোচনায় রিমোর্ট এলাকার রিসোর্টে রুম ভাড়ার উপর ৫ শতাংশ এবং রিসোর্টের অভ্যন্তরীণ রেস্টুরেন্টে ৩ শতাংশ ভ্যাট করার আবেদন জানান ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি কবির উদ্দিন আহমেদ।

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট রাফিউজ্জামান বলেন, আন্তর্জাতিক টুরিস্টদের ক্ষেত্রে ভ্যাট কমাতে হবে। এ সময় কয়েকটা বছর ট্যাক্স হলিডে দেওয়ার সুযোগও চান তিনি।

অনুষ্ঠানে সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সমহারে ভ্যাট প্রয়োগের আহ্বান জানানো হয়।

কুরিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নির্বাহী সদস্য বোরহান উদ্দিন বলেন, কুরিয়ার সার্ভিস একটি ছোট ও দরিদ্র প্রতিষ্ঠান। কুরিয়ারের ক্ষেত্রে ১৫ শতাংশের পরিবর্তে সাড়ে ৪ শতাংশ ভ্যাটের প্রস্তাব করেন তিনি।

বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের ডিরেক্টর (ফিন্যান্স) আসিফ আহমেদ বলেন, পর্যটকদের কাছ থেকে তারা ১৫ শতাংশ ভ্যাট আদায় করেন। যেখানে ভারতে মাত্র ৭ শতাংশ আদায় করে। এটা কমালে পর্যটক আরো বাড়বে।

 

এমআইএস।