কোরবানী ঈদের আগেই তোবা গ্রুপের ৫টি কারখানার সব শ্রমিকদের বোনাস ও বকেয়া বেতন পরিশোধ করা হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।

শুক্রবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে তোবা গ্রুপের ৫টি কারখানার শ্রমিকদের আইনানুগ সকল পাওনা পরিশোধের দাবিতে শ্রমিক সমাবেশে এ আশ্বাস দেন নৌমন্ত্রী।

মন্ত্রী বলেন, আগামী ঈদের আগেই তোবা শ্রমিকদের ঈদ বোনাস ও বাকি পাওনা আদায় করা হবে। আর এক্ষেত্রে গার্মেন্স শ্রমিক সমন্বয় পরিষদ আন্দোলন চালিয়ে যাবে।

কর্ণফুলী বীমা কোম্পানিকে ইন্সুরেন্সের টাকা দিতে বাধ্য করা হবে উল্লেখ করে শাজাহান খান বলেন, কর্ণফুলী বীমা কোম্পানি ইন্সুরেন্সের টাকা দিচ্ছে না। তাই তোবার এমডি দেলোয়ার কারখানা বন্ধ করতে বাধ্য হয়েছেন। তাই এক্ষেত্রে কর্ণফুলী বীমা কোম্পানি থেকে ইন্সুরেন্সের টাকা আদায় করে পুনরায় তোবার সব কারখানা চালু করা হবে।

নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নার সমালোচনা করে মন্ত্রী বলেন, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। তার (মান্না) বিরুদ্ধে শ্রমিকদের এখনও ২০টির বেশি মামলা রয়েছে। উনি নিজেই শ্রমিকদের টাকা মেরে দিয়েছেন। তাই তিনি যখন শ্রমিকদের পক্ষে কথা বলেন তখন আমাদের লজ্জা হয়।

কিছু শ্রমিক সংগঠন তোবাকে নিয়ে রাজনীতি করছে উল্লেখ করে শাজাহান খান বলেন, কিছু শ্রমিক সংগঠন তোবাকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। তারা তোবা শ্রমিকদের জন্য কিছুই করতে পারেনি। তোবা শ্রমিকদের তিন মাসের বেতন আমারই আদায় করে দিয়েছি। আমরাই প্রথম দেলোয়ারকে গ্রেফতারের জন্য আন্দোলন করেছিলাম। আর এসব শ্রমিক সংগঠনই টাকা খেয়ে দেলোয়ারকে মুক্ত করিয়েছে।

শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন অনেক আগে থেকেই অবদান রেখে আসছে উল্লেখ করে মন্ত্রী বলেন, মালিকরা ট্রেড ইউনিয়ন করতে দেবে না। কিন্তু আমরা ট্রেড ইউটিয়ন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি।

এসময় আরও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা বদরুদ্দোজা নিজাম, তৌহিদুর রহমান, আবুল হোসাইন, শ্রমিক নেত্রী নাজমা আক্তার, শামিমা নাসরিন, জাহানারা বেগম প্রমুখ।

ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই