পদত্যাগ করেছেন মেঘনা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ নূরুল আমিন। ১৯ নভেম্বর ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় তাঁর পদত্যাগপত্রটি অনুমোদন করা হয়। ৩০ নভেম্বর থেকে তাঁর পদত্যাগপত্র কার্যকর হবে। আগামী বছরের জানুয়ারি পর্যন্ত তাঁর চাকরির মেয়াদ ছিল।

ব্যাংকের চেয়ারম্যান এইচ এন আশিকুর রহমানের সঙ্গে দুরত্ব তৈরি হওয়ায় তাঁকে পদ ছাড়তে হয় বলে বিশেষ সূত্র নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জানতে চাওয়া হলে মোহাম্মদ নূরুল আমিন বলেন, ‘ব্যক্তিগত কারণে আমি পদত্যাগ করেছি।’ এর বেশি কিছু তিনি বলতে চান না বলে জানান।

মোহাম্মদ নূরুল আমিন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান। তিনি বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) চেয়ারম্যান। মেঘনা ব্যাংকের আগে তিনি এনসিসি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

এমএজেড